বেরিয়েছিলেন নামাজ পড়তে, ফেরেননি দুই মাসেও
নামাজ পড়ার জন্য মামাত ভাইয়ের সঙ্গে বেরিয়েছিলেন ঘর থেকে। এরপর কেটে গেছে দুই মাস, ফেরেননি হাসানুর রহমান খান নয়ন (২৯)।
একমাত্র ছেলে নয়নের সন্ধান চেয়ে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন হাসিনা বেগম (৭৩)।
বাংলাদেশ বেতারের অধিবেশন তত্ত্বাবধায়ক হাসিনা বেগম জানান, তার স্বামী আইনজীবী জাহাঙ্গীর আলম খান ১৯৯৫ সালে মারা যান। একমাত্র সন্তান নয়নকে নিয়ে পশ্চিম আগারগাঁওয়ে থাকতেন তিনি।
নয়ন ২০০৮ সালে ‘এ’ লেভেল পাসের পর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
হাসিনা বেগম বলেন, “আমি উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তির মালিক হলেও সেগুলো আমি ভোগ করতে পারি না। গত ২৪ মে ছেলেকে নিয়ে দোহারে বাবার বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। বাবার মৃত্যুর পর থেকে সেখানে আমার ভাইয়ের পরিবার বসবাস করে।
“২৯ মে আমার ভাইয়ের ছেলে সাব্বিরের সাথে নামাজ পড়তে যাবে বলে নয়ন বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি।”
তিনি বলেন, “আমার ছেলে পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু কিছুতেই যেতে না পারছিল না। এজন্য তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল। মানসিকভাবে বিষন্ন থাকার কারণে আগেও কয়েকবার সে কাউকে না বলে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে নিজেই ফিরে এসেছে। নিজেকে সব কিছু থেকে গুটিয়েও নিয়েছিল।”
হাসানুর রহমান খান নয়ন
এ বিষয়ে জানতে আমিনুল হকের ছেলে সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাব্বিরের ভাই নাহিদের মোবাইল ফোনে কল করে বন্ধ পাওয়া গেছে।
নয়ন নিখোঁজের বিষয়ে তার মা একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন দোহার থানার এসআই এনামুল হক।
তিনি বলেন, “প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ পেতে কেউ ছেলেটির ক্ষতি করেনি।
“ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার মা সাধারণ ডায়েরিতে পুলিশকে জানিয়েছেন। আগেও সে বাড়ি থেকে চলে গিয়েছিল।পুলিশ তার সন্ধান পেতে কাজ করে যাচ্ছে।”
