২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়করের নথি নিয়ে দুদকে এসকে সিনহার ভাই

অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগে অনুসন্ধানের স্বার্থে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 06:43 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

রোববার সকালে তিনি রাজধানীর সেগুনবাগিচায়র প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের দপ্তরে হাজির হন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নরেন্দ্র কুমার সিনহার নামে উত্তরায় ১০ তলা একটি ভবনের বিষয়ে অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে তাকে নোটিস দিয়েছিলেন অনুসন্ধান কর্মকর্তা। সেই নোটিসের প্রেক্ষিতে তিনি তার আয়কর বিবরণসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়েছেন।

নৌ-পরিবহন অধিদপ্তরে সাবেক কর্মকর্তা নরেন্দ্র কুমার সিনহা অবসর জীবন-যাপন করছেন। এর আগে গত বছরের ৪ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদ করে সৈয়দ ইকবালের নেতৃত্বে দুই সদস্যের দল।

ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের একটি অভিযোগ অনুসন্ধানের সূত্র ধরে ওই সময় নরেন্দ্র কুমার সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

তিনি বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে সরকারের তরফ থেকে তখন বলা হয়েছিল, দুর্নীতির অভিযোগ থাকলে তা দুদক দেখবে।

দেড় বছরের বেশি সময় তদন্তের পর গত ১০ জুলাই এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক; ফারমার্স ব্যাংকের ঋণ জালিয়াতি করে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় সেখানে।

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসা সাবেক বিচারপতি সিনহা গতবছর যুক্তরাষ্ট্রে বসে একটি বই প্রকাশ করেন। সে সময় তিনি দাবি করেন, তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়েছে, এ কারণে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। পরে তিনি কানাডায়ও রাজনৈতিক আশ্রয় চান তিনি।

এই সংক্রান্ত খবর

সিনহার বিরুদ্ধে মামলায় হুদার বক্তব্য নিল দুদক  

পুরনো খবর:

সিনহার বিরুদ্ধে মামলায় হুদার বক্তব্য নিল দুদক