২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনহার বিরুদ্ধে মামলায় হুদার বক্তব্য নিল দুদক

ক্ষমতার অপব্যবহার ও উৎকোচ গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে করা মামলায় বাদী ব্যারিস্টার নাজমুল হুদার বক্তব্য গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 09:59 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

রোববার দুপুর ৩টা থেকে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল তার বক্তব্য গ্রহণ করে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, “কমিশনের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছেন।”

গত বছর শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে সোয়া তিন কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগে এ মামলা করেন বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার হুদা।

আওয়ামী লীগের ঘনিষ্ঠ হুদা গত ২৭ সেপ্টেম্বর নিজে শাহবাগ থানায় গিয়ে মামলাটি করলেও তা ১ অক্টোবর প্রকাশ পায়। 

এরপর মামলাটি তদন্তের জন্য দুদককে দায়িত্ব দেয় আদালত।

এই তদন্তের অংশ হিসেবে নাজমুল হুদার বক্তব্য নেওয়া হয়েছে বলে জানান প্রনব।

দুদকে উপস্থিত হয়ে নাজমুল হুদা সাংবাদিকদের বলেন, “২০১৭ সালে আমার কাছে সোয়া তিন কোটি টাকার ঘুষ দাবি করেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। সে সময় তিনি আমাকে বলেছিলেন টাকা না দিলে আমার বিরুদ্ধে করা সবকটি মামলার রায় বিরুদ্ধে যাবে। ঘটনার তারিখ ছিল ২০ জুলাই। ওই দিন দুপুরে প্রধান বিচারপতি তার খাস কামরায় ডেকে ঘুষ দাবি করেন।”

সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য মীর জাহের হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক মামলায় বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাত বছরের কারাদণ্ড হয়েছিল। জরুরি অবস্থার সময় দেওয়া ওই মামলার রায়ে হুদার স্ত্রী সিগমা হুদারও তিন বছর কারাদণ্ড হয়েছিল।

ওই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ হাই কোর্ট তাদের খালাস দেয়। কিন্তু দুদকের আপিলে আপিল বিভাগ ওই রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়। তখন আপিল বিভাগে ছিলেন বিচারপতি সিনহা।

মামলার পুনঃশুনানি শেষে গত বছরের ৮ নভেম্বর হাই কোর্টের আরেকটি বেঞ্চ নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দেয়।

ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলাটি ছাড়াও জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে গত ১০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক।

দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের করা এ মামলায় সিনহার বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) গুলশান শাখা থেকে চার কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

পুরনো খবর:

সিনহার বিরুদ্ধে হুদার মামলা
সিনহার অর্থ কেলেঙ্কারির ‘প্রমাণ পেয়েছে’ দুদক
সিনহার মামলা দুদকই দেখবে: আইনমন্ত্রী
জালিয়াতি-আত্মসাতের মামলা সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে