‘বেবী মওদুদ ছিলেন একজন সাচ্চা মানুষ’
পঞ্চম মৃত্যুবার্ষিকীতে লেখক, সাংবাদিক, সমাজকর্মী বেবী মওদুদকে স্মরণ করলেন তার বন্ধু, স্বজন আর সাবেক সহকর্মীরা, যাদের কাছে তিনি সময়ের উজ্বল ব্যতিক্রম এক ‘সাচ্চা মানুষের’ দৃষ্টান্ত।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় বেবী মওদুদের কর্মময় জীবনের উপর আলোচনা হয়। বক্তাদের কথায় সবচেয়ে বেশি উঠে আসে তার সততা, নিষ্ঠা আর সাদাসিধে জীবন-যাপনের কথা।
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এ স্মরণসভায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বেবী মওদুদকে পেয়েছেন ছাত্রী হিসেবে।
সেসব দিনের কথা স্মরণ করে আনিসুজ্জামান বলেন, “১৯৬৭ সালে সে ছাত্র ইউনিয়ন থেকে রোকেয়া হল সংসদে সদস্য নির্বাচিত হল। আমি তখন দেখেছি, প্রতিপক্ষের প্রতি কোনো অশিষ্টাচার সে হতে দেয়নি। ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ কর্মী হলেও অন্য সবার সাথেই তার সৌহার্দ্য ছিল।”
নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও সক্রিয় ছিলেন বেবী মওদুদ।
নবম জাতীয় সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে তিনি সংসদ-সদস্য নির্বাচিত হন। পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লাইব্রেরি কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
নারীর উন্নয়নে অবদানের জন্য ২০১৭ সালে বেবী মওদুদকে মরণোত্তর রোকেয়া পদক দেয় সরকার।
১৯৪৮ সালের ২৩ জুন কলকাতায় জন্ম নেওয়া বেবী মওদুদ সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় কাজ করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দিয়েছিলেন তিনি। প্রেসক্লাব ছিল তার কাছে ‘নিজের বাড়ির মতই’ ।
সেসব কথা স্মরণ করে তার এক সময়ের শিক্ষক আনিসুজ্জামান বলেন, “সাংবাদিক হিসেবে বেবী সততা বজায় রেখেছে সব সময়। সে ছিল নানা গুণে গুণান্বিত মানুষ। বেবী মানুষকে সেবা করতে ভালবাসত, দেশের জন্য গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থেকে নিজেকে ধন্য মনে করত, এরকম মানুষ বেশি হয় না।”
শামসুজ্জামান খান বলেন, বেবী মুওদুদ ছিলেন তার ছোটো বোনের মত।
“তার দুটো দিক নিয়ে বলতে চাই। কখনো তাকে নীতির প্রশ্নে একটু বাঁকা করা যায়নি। এমপি হওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। তাকে ধরে রাজি করাতে হয়েছিল। সাংবাদিকতার ক্ষেত্রে তার সততা-নিষ্ঠা অনুসরণীয় হয়ে থাকবে। তার সাহিত্য প্রতিভাও সামান্য নয়, বইয়ের সংখ্যাও কম নয়।”
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখিতে যুক্ত ছিলেন বেবী মওদুদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেবী মওদুদ লিখেছেন শিশু-কিশোরদের জন্যও।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান বলেন, বেবী মওদুদকে নিয়ে তার স্মৃতির বড় একটি অংশ জুড়ে রয়েছে লেখালেখি আর গবেষণার কাজ।
আনুষ্ঠানিক নাম এ এন মাহফুজা খাতুন হলেও সবাই তাকে চিনতেন বেবী মওদুদ নামে। সাদামাটা পোশাকের স্নেহময়ী এই নারী সহকর্মীদের কাছে ছিলেন বেবী আপা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, “বেবী আপা অনেকের জন্য অনেক কিছু করেছেন, তবে সেসব প্রকাশ করতেন না। আমার এ অবস্থানে আসার পেছনে বেবী আপার অনুপ্রেরণা রয়েছে।”
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের দৃষ্টিতে বেবী মওদুদ ছিলেন ‘আপাদমস্তক’ একজন ভাল মানুষ।
“বেবী আপা একজন সাচ্চা মানুষ ছিলেন। তিনি অনেকের সঙ্গে চলতেন, কিন্তু সবাই কী বেবী আপার সাথে ছিল? বেবী আপা যাদের ভালবেসেছেন. তাদের কাছেই বেশি আঘাত পেয়েছেন। এই দুঃখবোধ আমারও আছে, বেবী আপা চলে গেছেন, তারও ছিল।”
সাইফুল আলম বলেন, “বেবী আপা কারও ক্ষতি করেছে- এটা কেউ বলতে পারবে না। বেবী আপা মানুষকে এগিয়ে যেতে সাহায্য আর অনুপ্রেরণা যুগিয়েছেন। আমরা অনেকে ভালবাসতে জানি না বলে বেবী আপাকে বুঝি নাই।”
বেশ কিছু দিন ক্যান্সারে ভুগে ২০১৪ সালের ২৫ জুলাই মারা যান বেবী মওদুদ। ৬৬ বছরের জীবনের শেষ বছরগুলোতে তিনি ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর।
বেবী মওদুদের শেষ দিনগুলোর কথা স্মরণ করে তার বন্ধু কবি কাজী রোজী বলেন, “চার বছর অসুস্থ ছিল। আমার খুব খারাপ লাগত, বলতাম নিজের শক্তি নিজের আনতে হবে। সে বলত, ‘এতো শক্তি কোথায় পাস’। আমিও ২৬ বছর ধরে ক্যান্সার নিয়ে আছি। বেবী কাউকে কিছু বলত না। কাউকে অসুখের কথা বলত না।“
“উনার দুই সন্তানের চেয়েও হয়ত আমি তার কাছে বেশি ভালোবাসা পেয়েছি। আমার ছবি তোলা, লেখালেখি, সবকিছুতেই তিনি ছিলেন। বেবী আপা চলে গিয়ে আমাদের অন্ধ করে গেছেন। আমরা যারা কাছে ছিলাম, তারা অসহায় হয়ে গেলাম। তিনি সবার পাশে গিয়ে দাঁড়াতেন। আমি জানি, তিনি কীভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন। এত স্মৃতি বলে শেষ করা যাবে না।”
একাত্তরের মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস রত্না বলেন, বেবী মওদুদ সাদা শাড়ি পড়তেন, তার মনটা ছিলও সাদা।
“নিজেকে কখনো সে প্রকাশ করতে চাইত না, অনেক সুযোগ ছিল, সে কখনও সুযোগ নেয়নি। কিন্তু অনেকে তার ভালোমানুষির সুযোগ নিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে তাকে ভুলেও গেছে।”
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, “তার মধ্যে সন্তান বাৎসল্য লক্ষ্য করতাম। বেবী মুওদুদ সুযোগ পাওয়ার পরও সৎ ছিলেন, তিনি ছিলেন অনন্য এক উদাহরণ।”
বিয়ের এক যুগের মাথায় ১৯৮৪ সালে বেবী মওদুদের স্বামী অ্যাডভোকেট মো. হাসান আলীর মৃত্যু হয়। সন্তানদের নিয়ে একাকী জীবনের দীর্ঘপথ পাড়ি দেওয়া এই নারী তার ছোট ভাই-বোনদের কাছেও ছিলেন অন্য স্থানে।
ছোট ভাই আজিমুল হক রায়হান স্মরণসভায় বলেন, “বড় আপার হাতেই আমি মানুষ, দুলাভাই মারা যাওয়ার পর প্রায় ৫ বছর তার কাছে কাটিয়েছি। বড় আপা অনেক কিছু শেয়ার করতেন, বলতেন ‘তোর কাছেই বলা যায়’।
“বড় আপা দৃঢ়চেতা ছিলেন, কখনো কারও কাছ থেকে একটা টাকা নিতেন না। আমরাও জানতান, বড় আপাকে দিয়ে কখনো কিছু করানো যায় না। তবে তিনি এমনিতেই চেষ্টা করতেন সবাইকে সহায়তা করতে।”
লেখালেখি, রাজনীতি, সমাজসেবা- নানা ক্ষেত্রে যার ব্যস্ত সময় কাটত, সেই বেবী মওদুদ নিজের সন্তানের চোখে কেমন ছিলেন?
ছেলে রবিউল হাসান অভি অনুষ্ঠানে বলেন, “আমার মা হয়ত সবার কাছে অনেক কিছু ছিলেন। নিজে তিনি সৎ আর ভালো মানুষ হিসেবেই বেঁচে থাকতে চেয়েছিলেন। এবং তিনি তা পেরেছিলেন, এটাই স্বার্থকতা।”
এই স্মরণসভার সঞ্চালনায় ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক মো. শাহাদাৎ হোসেন (নিপু)।
