বালু নদী পাড়ে প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে তরুণরা
দূষণমুক্ত নদীর বার্তা নিয়ে বালু নদীর পাড়ের প্লাস্টিক বর্জ্য পরিষ্কার কর্মসূচিতে কয়েকটি সংগঠনের সঙ্গে অংশ নিয়েছে একদল তরুণ-তরুণীও।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বালু নদীর পাশে এই কর্মসূচির সূচনা করে রিভার কনজারভেশন ক্লাব (আরসিসি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, আইইউবির এনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।
কর্মসূচির আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বালু নদীকে আগামী দুই বছরে দূষণমুক্ত করতে ইছামতি ঘাট এলাকার দায়িত্ব নিয়েছে আরসিসি।
দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপন এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়।
কর্মসূচিতে আরও অংশ নেন রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দালনের আহ্বায়ক মিহির বিশ্বাস, নোঙরের চেয়ারম্যান সুমন শামস এবং আইইউবির এনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাহমিনা সুলতানা।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আইইউবি’র শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে গঠিত আরসিসি নদী আন্দোলন সংগঠন রিভারাইন পিপলের বিশ্ববিদ্যালয় শাখা। এই কর্মসূচিতে সহযোগি আয়োজকও ছিল রিভারাইন পিপল।
