পুরান ঢাকায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
পুরান ঢাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন, তিনি তাঁতীবাজার মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে তার এক প্রতিবেশী জানিয়েছেন।
নিহত শুভ (২৫) পুরান ঢাকার একটি রেক্সিনের দোকানের কর্মচারী। বুধবার রাত ৯টার দিকে তাঁতীবাজার মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে আব্দুর রহিম নামে ওই এক প্রতিবেশী জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, “তাঁতীবাজার এলাহী ট্রান্সপোর্টে মাল দিয়ে ফেরার পথে সে তাঁতীবাজার মোড়ে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা পেটে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।”
শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ওসি শাহিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোড়ে অনেক পুলিশ থাকে। এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কি না তা রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা খতিয়ে দেখছি।”
শুভর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় থাকতেন।
