২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার জাল সনদ: মামলা হচ্ছে সোনালীর সাবেক ডিজিএমের বিরুদ্ধে

মুক্তিযোদ্ধার ‘জাল সনদ দেখিয়ে’ সোনালী ব্যাংকে ৩০ বছর চাকরি করার পর ব্যাংকটির সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রদীপ কুমার শর্মার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবোদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 11:28 PM

Updated : 18 Aug 2022, 05:33 PM

কমিশন বুধবার এই মামলা করার অনুমোদন দিয়েছে বলে দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।

তিনি বলেন, “মুক্তিযোদ্ধার জাল সনদে চাকরি নিয়ে বেতন ভাতা ও ঋণ বাবদ ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রদীপ কুমার শর্মার বিরুদ্ধে শিগগিরই মামলাটি করা হবে।”

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ১৯৮৩ সালে সোনালী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স সীমা ছিল ২৭ বছর, আর মুক্তিযোদ্ধা প্রার্থীদের জন্য ৩০ বছর।

প্রদীপ কুমার শর্মা যখন মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেন, তখন তার বয়স ছিল ২৯ বছর ৪ মাস। ১৯৮৪ সালের ১০ জুলাই তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা পদে যোগ দেন এবং ডিজিএম হয়ে ২০১৪ সালের ৩০ জুন ৬০ বছর বয়সে অবসরে যান।

প্রতিবেদনে বলা হয়, “প্রদীপ কুমার শর্মা যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ দাখিল করতে পারেননি। দুদকের অনুসন্ধানেও তিনি মুক্তিযোদ্ধা নন বলে প্রমাণিত হয়।”

দুদকের অভিযোগ, প্রদীপ শর্মা ৩০ বছর চাকরি জীবনে সোনালী ব্যাংক থেকে বেতন-ভাতা বাবদ ৮৫ লাখ ৪৪ হাজার ৩১৭ টাকা এবং গৃহ নিমার্ণ ঋণ, গাড়ি ও কম্পিউটার ঋণবাবদ ৬৫ লাখ ২১ হাজার ৮৬৭ টাকা উত্তোলন করেন।

দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম এই অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রদীপ শর্মার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭৭-ক ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হবে বলে দুদক কর্মকর্তা প্রনব জানান।