২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেবী মওদুদের স্মরণে সভা শুক্রবার

প্রয়াত লেখক, সাংবাদিক ও অধিকার কর্মী এ এন মাহফুজা খাতুন-বেবী মওদুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 05:59 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

আগামী শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এই সভা হবে। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানও বিশেষ অতিথি হিসেবে থাকবেন এই স্মরণ সভায়।

২০১৪ সালের ২৫ জুলাই ৬৬ বছর বয়সে মারা যান বেবী মওদুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর ছিলেন।

সংসদে সংরক্ষিত আসনের সদস্য বেবী মওদুদ সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতে সক্রিয় ছিলেন, বিশেষ করে শিশুদের জন্য লিখতেন তিনি। নারী ও দলিত সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন বেবী মওদুদ।

নারী উন্নয়নে অবদানের জন্য ২০১৭ সালে বেবী মওদুদকে মরণোত্তর রোকেয়া পদক দেয় সরকার।

বেবী মওদুদের জন্ম ১৯৪৮ সালের ২৩ জুন, কলকাতায়। তার বাবা আবদুল মওদুদ ছিলেন একজন বিচারক। মায়ের নাম হেদায়েতুন নেসা।

১৯৬৭ সালে সাংবাদিকতায় যুক্ত হওয়ার পর বেবী মওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন।

মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার দিনগুলোতেই পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন বেবী মওদুদ।

১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার আগে ১৯৬৭-৬৮ সময়ে রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।

নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও সক্রিয় ছিলেন বেবী মওদুদ।

নবম জাতীয় সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লাইব্রেরি কমিটির সদস্য হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন।