পাজেরো চড়া তৃতীয় শ্রেণির সেই দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা হচ্ছে
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুটি পাজেরো গাড়ি দশ বছর ধরে অবৈধভাবে ব্যবহার করার অভিযোগে তৃতীয় শ্রেণির দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার কমিশন তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
পিডিবি ট্রেড ইউনিয়ন- সিবিএ’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে এই মামলা হচ্ছে।
এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণির এই দুই কর্মচারীর কবল থেকে পাজেরো গাড়ি দুটি উদ্ধার করে দুদক।
পিডিবির জরুরি প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (ভিআইপি) জন্য গাড়ি দুটি ’স্ট্যান্ডবাই’ রাখার নিয়ম উল্লেখ করে দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, “জহিরুল ইসলাম চৌধুরী নিজেকে ভিআইপি হিসেবে দাবি করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে পাজেরোটি (সিলেট-ঘ-০২-০০৩৩) ব্যবহার করেন।
“একইভাবে আলাউদ্দিন নিজেকে ভিআইপি দাবি করে একই সময়কালে অপর পাজেরো গাড়িটি (ঢাকা মেট্টো-ঘ-১১-২৮২৭) ব্যবহার করেন।”
ঘটনাটি সামনে আসার পর একে একটি ‘বড় অপরাধ’ হিসেবে চিহ্নিত করে দুদক।
দুদকের অভিযোগ, শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ‘প্রভাব খাটিয়ে’ গাড়ি দুটি প্রায় ১০ বছর পর্যন্ত অবৈধভাবে ব্যবহার করা হয়েছে।
“জহিরুল ও আলাউদ্দিন গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ সরকারের এক কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাৎ করেন।”
এসব অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রনব।
ডিসিসির সাবেক প্রকৌশলী ও তার স্ত্রী বিরুদ্ধেও মামলা হচ্ছে
কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম ও তার স্ত্রী ডা. রেশমা মজুমদার শম্পার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।
রোববার কমিশন এ অনুমোদন দিয়েছে বলে প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
‘শিগগিরই’ এ মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, “এই দম্পতির মধ্যে আবদুস সালামের দুই কোটি ৩৬ লাখ ৭৭৯ টাকা এবং রেশমা মজুমদার শম্পার এক কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক।”
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, “আবদুস সালাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে ঢাকা সিটি করপোরেশনে চাকরি করার সুবাদে দুর্নীতির মাধ্যমে উপার্জিত সম্পদের মধ্যে এক কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকার সম্পদ স্ত্রী রেশমা মজুমদার শম্পার নামে দেন, যা রেশমা মজুমদার শম্পা নিজের আয়কর নথিতে প্রদর্শন করে সহযোগিতা করেন।”
আবদুল সালামের নিজের ও স্ত্রীর নামে তিন কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে কমিশন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হবে বলে জানান প্রনব কুমার।
দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান এই অনুসন্ধান করেন।
