ঢাকায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি
প্রথম রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন শনিবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
দুই দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। শনিবারই বাংলাদেশ-কোরিয়ার ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী লি।
তার সফর সূচি অনুযায়ী, শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ানদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন লি। সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন তিনি।
পরে ঢাকার মুগদায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভানসড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কয়েকটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লির সম্মানে রোববার নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী।
সোমবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শনের পর ঢাকা ছাড়বেন লি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় ১৯৭৩ সালে। এরপর ১৯৭৫ সালের প্রথম দিকে ঢাকায় দূতাবাস চালু করে তারা।
পরে দক্ষিণ কোরিয়ার অনেক বিনিয়োগকারী বাংলাদেশে এসে গার্মেন্ট কারখানা গড়ে তোলেন, যার অনেকগুলোই এখনও সচল রয়েছে।
