২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০৪১ সালের মধ্যে শাসন ব্যবস্থা বিকেন্দ্রায়িত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশের শাসন ব্যবস্থা বিকেন্দ্রায়িত হয়ে সরকারি ব্যয়ের বেশিরভাগই স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত হবে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2019, 10:54 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শেখ হাসিনা বলেন, “সার্বিকভাবে আমাদের  অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে। বিনিয়োগ ক্রমাগত বাড়ছে, রপ্তানি ও প্রবাস আয়ে উচ্চ প্রবৃদ্ধির প্রেক্ষিতে বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।”

এ পরিবেশে উচ্চ প্রবৃদ্ধি অর্জন সামনের সামনের দিনগুলোতে আরও বেগবান হয়ে বাংলাদেশ শিগগিরই উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “২০৪১ সালে ১৬ হাজার মার্কিন ডলারের বেশি মাথাপিছু আয় নিয়ে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে এবং সোনার বাংলায় ‘দারিদ্র্য’ হবে সুদূর অতীতের কোনো ঘটনা।

“রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের সঙ্গে তুলনীয় এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত জনপদ। এ সময়ের মধ্যে বাংলাদেশের শাসন ব্যবস্থা বিকেন্দ্রায়িত হবে; সরকারি ব্যয়ের সিংহভাগ বাস্তবায়িত হবে স্থানীয় পর্যায়ে, এ দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন। পরিকল্পনা করা হবে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রের সুস্পষ্ট সমন্বয়ের মাধ্যমে; সুশাসন, জনগণের সক্ষমতা ও ক্ষমতায়ন হবে এ অগ্রযাত্রার মূলমন্ত্র।”

প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘের ‘বিশ্ব অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা, ২০১৯’ প্রতিবেদনে শীর্ষ প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। জাতিসংঘের এ প্রতিবেদনে ২০১৮ সালে সবচেয়ে দ্রুত জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী ১০টি দেশের মধ্যে (৭% এর বেশি প্রবৃদ্ধি) বাংলাদেশ একটি। ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রকাশিত ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক, এপ্রিল ২০১৯’ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি।

তিনি বলেন, “এ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং ভারতের প্রবৃদ্ধির সমান। এ তালিকায় ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে প্রথম স্থানে রয়েছে রুয়ান্ডা, যার পরেই বাংলাদেশের অবস্থান।”

প্রধানমন্ত্রী দেশের বেকারত্ব দূর করতে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার পাঁচ বছর মেয়াদে ১২ দশমিক ৯ মিলিয়ন অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যার মধ্যে প্রবাসী শ্রমিকদের জন্য ২ মিলিয়ন কর্মসংস্থানও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থানের লক্ষ্যে দেশের শ্রম বাজারের প্রবেশ করছে। এ বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান করার অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ।…আমরা বিগত ১০ বছরে দেশের বিভিন্ন ইপিজেডে ৩ লাখ ৫ হাজার ২৪২ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করেছি।”

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের সুফল দেশের সর্বত্র সমভাবে বিস্তার লাভ করছে। উত্তরবঙ্গের কিছু জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য বিগত সরকারের আমল থেকে বিদ্যমান। দেশের সুষম উন্নয়নের জন্য আওয়ামী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সচেষ্ট রয়েছে।