গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যার চেষ্টা
ঢাকার আগারগাঁওয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
তার নাম জুয়েল রানা (৩০)। তিনি পেশায় কসাই।
বুধবার বিকালে আগারগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার মাঠ থেকে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জুয়েলের অবস্থা আশংকাজনক। তার শরীরের ৭৮ শতাংশ দগ্ধ। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
জুয়েলের ভাই জুলহাস হাসপাতালে সাংবাদিকদের জানান, তালতলা এলাকায় মাংসের দোকান রয়েছে জুয়েলের। তার স্ত্রী ও মেয়ে থাকে সাভারের ইমান্দিপুরে।
জুয়েল আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানালেও কী কারণে তা জানাতে পারেননি জুলহাস।
ট্রেনে পা হারাল কিশোর
ঢাকার কমলাপুরে বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে আবুল (১৫) নামে এক কিশোরের ডান পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাল মিয়া নামে এক পথচারী স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে আবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
লাল মিয়া বলেন, “চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে ডান পা কাটা পড়ে আবুলের।”
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই কিশোর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
