২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতে সেতাফুলের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2019, 10:06 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

বুধবার দুদক প্রধান কার্যালয় থেকে এই অনুমোদন দেওয়া হয় জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘শিগগিরই’ এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

গত বছরের ১৭ জানুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের একটি দল পিরোজপুর থেকে সেতাফুলকে আটক করে।

ওই দিন ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে সেতাফুলকে আসামি করে একটি মামলা করেন।

মামলায় সেতাফুলের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। কিশোরগঞ্জ থেকে বদলির পর তিনি একই পদে পিরোজপুরে দায়িত্বরত ছিলেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ করা তহবিল থেকে ১৫ কোটি টাকা অন্যদের সঙ্গে যোজসাজশ করে তুলে নেন। এর মধ্যে পাঁচ কোটি টাকা তিনি ‘মেরে দেন’ এবং বাকি ১০ কোটি টাকার চেক পরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আটকে দেয়।

এরপর এই অর্থ আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একই বছরের ৬ মার্চ কিশোরগঞ্জে জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. সৈয়দুজ্জামানকে গ্রেপ্তার করে। পরের দিন তার বাসা থেকে আত্মসাতের ৯২ লাখ টাকা উদ্ধার করে দুদক।

পরে এ মামলার দীর্ঘ তদন্তে অর্থ আত্মসাতের ঘটনায় সেতাফুলের সাথে আরও আটজনের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা প্রনব।

বাকি আসামিরা হলেন- কিশোরগঞ্জ জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সাবেক সুপার মোহাম্মদ গোলাম হায়দার (বর্তমানে নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়), জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. সৈয়দুজ্জামান, অফিস সহায়ক মো. দুলাল মিয়া।

এছাড়া সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম খান (বর্তমানে এজিএম), পূবালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুখলেছুর রহমান, কিশোরগঞ্জের মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম ও ঢাকার ডেমরার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমকে অভিযোগপত্রে আসামিরা করা হয়।

পুরনো খবর:

আত্মসাতের ৯২ লাখ টাকা বাজারের ব্যাগ, আলমারিতে
৫ কোটি আত্মসাৎ: সেতাফুলের সঙ্গে ফেঁসেছেন আরও দুজন