২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ কোটি আত্মসাৎ: সেতাফুলের সঙ্গে ফেঁসেছেন আরও দুজন

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ‘পাঁচ কোটি টাকা মেরে দেওয়ার’ ঘটনায় জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের এক অডিটরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 05:25 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরা হলেন- অডিটর মো. সহিদুজ্জামান ও অফিস সহকারী মো. দুলাল মিয়া।

মঙ্গলবার দুপুরে জেলা হিসাব রক্ষণ কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নাসিম আনোয়ার জানিয়েছেন।

এ ঘটনায় গত ১৭ জানুয়ারি কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক। জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা অন্যদের সঙ্গে যোজসাজশে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা ব্যাংক থেকে তুলে বস্তায় ভরে পালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন সেতাফুল। বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে পালিয়ে যাওয়ার খবর প্রকাশের কয়েকদিনের মাথায় গ্রেপ্তার হন তিনি।

নাসিম আনোয়ার বলেন, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা ওই মামলায় শুধু সেতাফুল ইসলামকে আসামি করা হলেও তদন্তে গিয়ে তারা জেলা হিসাব রক্ষণ কার্যালয়ে ওই দুই কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পেয়েছেন।

মামলায় অভিযোগ, সেতাফুল ইসলাম ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ করা তহবিল থেকে ১৫ কোটি টাকা তুলে নেন। এর মধ্যে পাঁচ কোটি টাকা তিনি ‘গায়েব’ করেছেন এবং বাকি ১০ কোটি টাকা কিশোরগঞ্জ জেলা প্রশাসন জব্দ করেছে।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়-১ ও ২ এর সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল ওয়াদুদ, মনিরুল ইসলাম ও ফজলুল বারীর সমন্বয়ে একটি বিশেষ দল এ মামলার তদন্ত করছে।

দুদক জানায়, অভিযোগের বিষয়ে সোমবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আজিমুদ্দিন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধরসহ স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেছেন কর্মকর্তারা।

ডিসি আজিমুদ্দিন বিশ্বাস মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “দুদকের কর্মকর্তারা আমাদের এখানে এসেছিলেন, ঘটনা যেহেতু এই অফিসে হয়েছে সেই কারণে আমরা আমাদের দিক থেকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে উনাদের সকল সহযোগিতা করছি।”

২০১৬ সালের নভেম্বরে কিশোরগঞ্জ জেলায় ‘হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের’ জন্য ১৪০ একর ভূমি অধিগ্রহণ করতে অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়, কিন্তু এখন পর্যন্ত তা অনুমোদন পায়নি।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ভূমি অধিগ্রহণের ভুয়া কাগজপত্র তৈরি করে তা দেখিয়ে সেতাফুল ইসলাম ওই অর্থ হস্তান্তর করতে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে অনুরোধ জানান। এরপর হিসাব রক্ষণ কর্মকর্তা চেক পাস করে কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখা ও বাজিতপুর শাখায় পাঠান।

“এরপর সেতাফুল ওই পাঁচ কোটি টাকা গত ৬ ডিসেম্বরের মধ্যে কয়েকটি হিসাব নম্বরে ট্রান্সফার ও নগদ উত্তোলন করে আত্মসাৎ করেন”

সেতাফুল ইসলাম ঢাকার ডেমরা থানার পূর্ব ডগাইর এলাকার মো. দেদার আলী মোল্লার ছেলে।

পুরনো খবর:

অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রিমান্ডে