হজযাত্রার তথ্য নিয়ে বিমানের অ্যাপ
হজযাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 'বিমান হজ ফ্লাইট’ নামে একটি অ্যাপ চালু করেছে।
এই অ্যাপে হজ ফ্লাইট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপ। যে কোনো স্মার্টফোনে (এনরয়েড) অ্যাপটি ডাউনলোড করলে দেশের যে কোনো প্রান্ত থেকে হজ ফ্লাইট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।”
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অগাস্ট হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যেতে পারছেন।
হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে বিমানের বিশেষ ফ্লাইট শুরু হয়েছে গত ৪ জুলাই। তা চলবে ৫ অগাস্ট পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট ১৭ অগাস্ট থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিমান ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। আর ৮৬টি ডেডিকেটেড ও ২৯টি শিডিউল ফ্লাইটে বিমান সৌদি থেকে হজযাত্রীদের দেশে আনবে।
সৌদি এরাবিয়ান এয়ারলাইনস সবগুলো ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বাকি হজযাত্রী পরিবহন করবে।
