চকবাজারে অভিযান, নকল প্রসাধনের জন্য ১০ জনকে সাজা
পুরান ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বাজারজাত এবং নকল প্রসাধনী তৈরি করায় ১০ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবারের এই অভিযানে পাঁচটি দোকান ও গুদাম বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানিয়েছেন র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানকালে এসব দোকানে অত্যন্ত নামিদামি কসমেটিক পাওয়া যায় প্রায় সবটাই নকল।”
সারওয়ার আলম বলেন, “তারা এসব পন্য অননুমোদিত বিভিন্ন কেমিকেল দিয়ে তৈরি করে প্রথমে গুদামজাত করে পরে বিক্রির জন্য শোরুমে এনে বাজারজাত করে।”
এসব দোকানের মালিক এবং কর্মচারীসহ ১০জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়ার পরপরই কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে র্যাবি জানিয়েছে।
