২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআইর আইনজীবীকে আদালতে ভর্ৎসনা

১৪টি কম্পানির পাস্তরিত তরল দুধ নিয়ে বিএসটিআই’র দেওয়া প্রতিবেদনে আদালত সন্তোষ প্রকাশ করেছে- বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএসটিআই’র আইনজীবীর দেওয়া বক্তব্যে হাই কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2019, 12:50 AM

Updated : 08 Apr 2022, 04:25 PM

এই বক্তব্যের কারণে বিএসটিআই’র আইনজীবীকে ভর্ৎসনা করার পাশাপাশি আদালতের আদেশ ছাড়া দুধ নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ও বিজ্ঞাপন প্রচার না করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়।

উভয় পক্ষের আইনজীবীর সময় আবেদনে আদালত আগামী রোববার এই সংক্রান্ত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

আদালতে বিএসটিআই’র পক্ষে ছিলেন সরকার এম আর হাসান। রিট আবেদনকারীপক্ষে ছিলেন মো. তানভির আহমেদ।

শুনানিতে বেঞ্চের কনিষ্ঠ বিচারক বিএসটিআইর আইনজীবীকে বলেন, “আপনারা দুধ নিয়ে প্রতিবেদন দিলেন। এরপর এটা নিয়ে আমরা কোনো আদেশও দিলাম না। এমনকি এই প্রতিবেদনের সত্যতাও পরীক্ষা হয়নি। তারপরও আপনি মিডিয়ার সামনে বললেন যে, প্রতিবেদনে আদালত সন্তোষ প্রকাশ করেছেন। এরপর প্রাণ আমাদের (হাই কোর্টকে) উদ্ধৃত করে মিডিয়ায় বিজ্ঞাপন দিল।

“যে প্রতিবেদনে কোনো শুনানিই হল না, আদালত কোনো আদেশ দিল না। তারপরও আদালতকে জড়িয়ে বিজ্ঞাপন প্রচার করা হল। এখন বলুন, এই দুধ খেয়ে যদি কেউ অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তবে তার দায় কে নেবে?”

তখন বিএসটিআইর আইনজীবী গণমাধ্যমের সঙ্গে কথা বলার বিষয়টি অস্বীকার করলে বিচারক আইনজীবীকে উদ্দেশ করে বলেন, “আমিও ওইখানে (আদালত কক্ষে ডায়েসের সামনে আইনজীবী হিসেবে) ছিলাম। মিডিয়ায় কীভাবে কথা বলতে হয়, জানি। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন।”

বাজারে থাকা পাস্তুরিত দুধ নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিস রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর গবেষণা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই গবেষণায় বলা হয়, বাজারে থাকা ৭৫ শতাংশই পাস্তুরিত দুধেই ভেজাল রয়েছে; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।

এই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।

এই রিট আবেদনে গত বছর ২১ মে আদালত আদেশে বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে কমিটি গঠন করে বাজারের পাস্তুরিত দুধ পরীক্ষা করে প্রতিবেদন দিতে খাদ্য ও স্বাস্থ্য সচিব এবং বিএসটিআই’র মহাপরিচালককে নির্দেশ দেয়।

এই নির্দেশের পর গত ২৫ জুন বিএসটিআই’র আইনজীবী আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন। সেদিন আদালতে দাখিল করা প্রতিবেদনের উপর কোনো শুনানি না হলেও বিএসটিআইর আইনজীবী গণমাধ্যমে বক্তব্য দেন।