জামিন বহাল, রানার মুক্তিতে বাধা নেই
টাঙ্গাইলের যুবলীগের দুই নেতা হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জামিন দিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা নিয়মিত আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
টাঙ্গাইল-৩ আসনের সাবেক সাংসদ রানা এর আগে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। আপিল বিভাগ সেটি বহাল রেখেছে।
সোমবার আপিল বিভাগের আদেশের ফলে সেই আর বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী।
রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সঙ্গে ছিলেন রুশো মোস্তফা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।
পরে রুশো মোস্তফা বলেন, “জামিনের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে তার মুক্তিতে বাধা নেই।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বলেন, “আমাদের আপিল খারিজ করে দিয়েছে, ফলে হাই কোর্ট যে রায় দিয়েছিল তা বহাল থাকছে।”
পরবর্তী আর কোনো আইনি প্রক্রিয়া আছে কীনা জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা রিভিউ করার সুযোগ থাকে, তবে এ ধরনের আদেশের বিরুদ্ধে সাধারণত রাষ্ট্রপক্ষ রিভিউ করে না।”
২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন মোটর সাইকেলে করে টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হলে পরদিন শামীমের মা আছিয়া খাতুন টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওই ঘটনায় ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করলে তদন্ত করে ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে পুলিশ।
পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যার ঘটনায় আমানুর রহমান খান রানার নাম উঠে আসে।
গ্রেপ্তাররা আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, রানার নির্দেশেই যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
বিচারিক আদালত গত বছরের ৩০ সেপ্টেম্বর এ মামলায় রানার জামিন আবেদন নামঞ্জুর হলে তার আইনজীবীরা হাই কোর্টে আসেন।
সেই আবেদন শুনে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ গত ৬ মার্চ রানাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করে। রানাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান গত ১৪ মার্চ জামিন স্থগিত করে দেন। পরে ২৩ এপ্রিল আপিল বিভাগও স্থগিতাদেশ বহাল রেখে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।
এরপর ১৯ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রানার জমিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়।
এর বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আবেদন নিয়ে যায় চেম্বার আদালতে। ২০ জুন চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ১ জুলাই পর্যন্ত রানার জামিন আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এরপর ১ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চে শুনানি হয়। ওইদিন রাষ্ট্রপক্ষ রুল নিষ্পত্তি করে রানাকে হাই কোর্টের দেওয়া জামিনের রায়ের অনুলিপি না পাওয়ার কথা জানালে বেঞ্চ ৮ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়ে ওই সময় পর্যন্ত জামিন স্থগিত রাখার কথা জানায়।
সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের করা নিয়মিত আপিলটি সোমবার আদালতে উঠলে তা খারিজ হয়ে যায়।
