রানার জামিনের বিরুদ্ধে নিয়মিত আপিলের নির্দেশ
টাঙ্গাইলের দুই যুবলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
হাই কোর্ট এ মামলায় রানাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত গত ২০ জুন তা স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।
সে অনুযায়ী বিষয়টি সোমবার আপিল বেঞ্চে উঠলে রাষ্ট্রপক্ষ জানায়, রুল নিষ্পত্তি করে রানাকে হাই কোর্টের দেওয়া জামিনের রায়ের অনুলিপি তারা এখনও পায়নি।
এরপর প্রধান বিচারপতি আগামী ৮ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়ে ওই সময় পর্যন্ত জামিন স্থগিত রাখার কথা জানায়।
রাষ্ট্রপক্ষে এদিন আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ। রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন মোটর সাইকেলে করে টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হলে পরদিন শামীমের মা আছিয়া খাতুন টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওই ঘটনায় ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করলে তদন্ত করে ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে পুলিশ।
পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যার ঘটনায় আমানুর রহমান খান রানার নাম উঠে আসে।
গ্রেপ্তাররা আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, রানার নির্দেশেই যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
বিচারিক আদালত গত বছরের ৩০ সেপ্টেম্বর এ মামলায় রানার জামিন আবেদন নামঞ্জুর হলে তার আইনজীবীরা হাই কোর্টে আসেন।
তাদের আবেদন শুনে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ গত ৬ মার্চ রানাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করে। রানাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় সেই রুলে।
রাষ্ট্রপক্ষের আবেদনে গত ২৩ এপ্রিল আপিল বিভাগ ওই জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেয়। সেই ধারাবাহিকতায় রুল শুনানি শেষে হাই কোর্ট যে রায় দেয়, তাতে রুল যথাযথ ঘোষণা করে রানাকে জামিন দেওয়া হয়।
টাঙ্গাইল-৩ আসনের সাবেক সাংসদ রানা এর আগে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় হাই কোর্ট থেকে জামিন পান। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।
