নড়াইলের জেলা জজকে নিয়ে হাই কোর্টের রুল
নড়াইলের কালিয়ার এনামুল হত্যা মামলার প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগ গঠন করায় নড়াইলের জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদের বিচারিক ক্ষমতা কেন প্রত্যাহার করা হবে না, জানতে চেয়েছে হাই কোর্ট।
মামলাটির বাদী নাজমুল হুদার করা এক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রোববার এই রুল জারি করে।
অধস্তন আদালতের ওই বিচারককে ৩০ জুলাইয়ের মধ্যে উচ্চ আদালতে তার জবাব দিতে হবে।
একই সঙ্গে প্রধান আসামিকে অব্যাহতি দিয়ে ওই বিচারকের আদেশটি স্থগিত করে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছে হাই কোর্ট।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন আবদুল আলীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
কালিয়ার চণ্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যুবক এনামুলকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পর মল্লিক মাঝহারুল ইসলাম ওরফে মাঝাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই নাজমুল কালিয়া থানায় মামলা করেন।
ওই মামলায় চলতি বছরের ১০ জুন নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ প্রধান আসামি মাঝারকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করে।
ওই আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন নাজমুল হুদা, যার শুনানি শেষে হাই কোর্টের রুল হয়।
ইউসুফ মোর্শেদ সাংবাদিকদের বলেন, “প্রধান আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করায় নড়াইলের জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা প্রত্যহার প্রশ্নে কারণ দর্শাতে বলেছেন আদালত।
“৩০ জুলাইয়ের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে। আর প্রধান আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশটি স্থগিত করে আসামিকে দ্রুত বিচারকি আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দিয়েছেন।”
