ভিপি নুরের বিরুদ্ধে মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মধ্যে রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাকে লাঞ্ছিত করা ও ভাংচুরের অভিযোগে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাতজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে।
রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মে নতুন দিন ঠিক করে দেন।
গত ১১ মার্চ রাতে ঢাবির নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না শাহবাগ থানায় নুরসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- বাম জোটের ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার, ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবীবা বেনজীর, রোকেয়া হল সংসদের ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শেখ মৌসুমী, ডাকসুর সমাজসেবা সম্পাদক ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র জোটের প্রার্থী শ্রবণা শফিক দীপ্তি।
গত ১১ জুন ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ছাত্রলীগ বাদে অন্য প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর আগে তাদের খালি ব্যালট বাক্স দেখানো হয়নি। আর তিনটি ব্যালট বাক্সের হদিস তারা পাচ্ছেন না।
কুয়েত মৈত্রী হলে ভোট দেওয়া বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের পর রোকেয়া হলেও এই ধরনের অভিযোগ উঠলে বাঁধে গোলযোগ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কারচুপির অভিযোগ আনলে ভোটগ্রহণ বন্ধ থাকে তিন ঘণ্টা।
মামলায় অভিযোগ করা হয়, ১১ মার্চ আসামিরা রোকেয়া হল সংসদের ভেতর ট্রাংকভর্তি ভোট দেওয়া ব্যালট পেপার রয়েছে বলে গুজব ছড়ায়। তখন প্রভোস্ট জিনাত হুদা আশ্বস্ত করেন যে ওই ট্রাংকে অব্যবহৃত ব্যালট পেপার রয়েছে। কিন্তু তারা তা বিশ্বাস না করে প্রভোস্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হল সংসদের দরজা, জানালা লাথি মেরে ভাংচুরও করেন তারা।
