২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের এক কর্মী চাকরিচ্যুত

অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের  এক কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 06:25 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

কনস্টেবল মো. ইমরান হোসেন হায়দার নামে ওই কর্মীকে স্থায়ীভাবে বরখাস্ত করে বুধবার আদেশ জারি হয়।

আদেশে বলা হয়, “এক সময় ইমরান দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত থাকাকালে এক ব্যক্তি থেকে প্রতারণার মাধ্যমে ৮০ হাজার টাকা আদায় করেন। ওই অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে তখন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
“পরে ২০১৭ সালে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে ফতুল্লা থানায় দায়ের হওয়া এক মামলায় তিনি দেড় মাস কারাগারে থাকলেও তা কমিশনে গোপন রেখেছেন।”

বিভাগীয় তদন্তে ওই সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমরানকে চাকরিচ্যুত করা হয় বলে জানানো হয়েছে।

গৃহায়ন কর্তৃপক্ষের চারজনকে তলব

'সিন্ডিকেটের' মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাৎ করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক সদস্যসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।
বুধবার দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. সাইদুজ্জামানের স্বাক্ষরিত এক নোটিসে তাদের তলব করা হয় বলে কমিশনের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন, গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলী উইংয়ের (প্রকৌশল ও সমন্বয়) সদস্য ফজলুল কবির, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম সামছুদ্দোহা, উপ-সহকারী প্রকৌশলী মো. মনসুর ও অফিস সহকারী (সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক) মোস্তফা কামাল শাহীন।
তাদের মধ্যে ফজলুল কবির ও সামছুদ্দোহাকে ১০ জুলাই এবং মনসুর ও শাহীনকে ১১ জুলাই দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।