২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য সংগ্রহ: বাড়ি বাড়ি না গেলে ব্যবস্থা নেওয়ার হুমকি ইসি সচিবের

নতুন ভোটারদের তথ্য নিতে বাড়ি বাড়ি না গেলে তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 01:10 AM

Updated : 18 Aug 2022, 05:28 PM

মঙ্গলবার ইসি সচিব মো. আলমগীর বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ না করা হলে তথ্য সংগ্রহকারীকে শাস্তির আওতায় আনা হবে।

প্রথম ধাপে দেশের ১৩৫ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩.৫ পয়েন্ট কম তথ্য সংগ্রহের মধ্যে এ কথা জানান সচিব।

এ বছর একসঙ্গে চার বছরের (২০১৯-২০২২ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে) ভোটারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।  প্রতি বছর ২ দশমিক ৫ শতাংশ হারে মোট ১০ শতাংশ ভোটার বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে।  

ইসি সচিব জানান, ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত  এ ধাপে ২,২৫,৩০৭ জনের তথ্য সংগ্রহ হয়েছে। তথ্য সংগ্রহের এ হার ৬ দশমিক ৪২ শতাংশ। 

প্রথম ধাপের সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সোয়া এক লাখ কম। এ অবস্থায় বুধবার থেকে ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদে কাজ শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপের তথ্য সংগ্রহ চলছে দেশজুড়ে।

হালনাগাদে হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া ও ভোটার স্থানান্তরের আবেদন নেওয়া হয়।

তথ্য সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্তদের অনেক বাড়িতে না যাওয়ার অভিযোগ রয়েছে।

ইসি সচিব আলমগীর সাংবাদিকদের বলেন, “বাড়ি বাড়ি যায় না- এ ধরনের কোনো অভিযোগ পেলে এবং সেটা প্রমাণ হলে তার বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ আনা হবে। খতিয়ে দেখে সংশ্লিষ্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নেই।”

হালনাগাদ কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

“অনেক ভোটার (ঢাকা শহরে নিরাপত্তাজনিত কারণে) হয়ত ভয়ে দরজা খুলতে চান না। সেক্ষেত্রে যারা তথ্য সংগ্রহ করতে যাবেন, তাদের একটা আইডি কার্ড দেওয়া হয়। সেটা দেখে অনেকে নিশ্চিত হতে পারেন।”

তিনি জানান, যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন বা এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও নানা রকম সংগঠন, ক্লাব, মসজিদ, মন্দিরের সহযোগিতা নেওয়া হয়। ব্যাপক প্রচারণা চালানো হবে। তবে এই সুযোগে যাতে কোনো দুষ্কৃতকারী সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সজাগও থাকতে হবে।

বুধবার থেকে শুরু যেসব এলাকায়

রমনা, মতিঝিল, পল্লবী, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, গুলশান, লালবাগ, উত্তরা ও বসুন্ধরা- ঢাকা মহানগরীর নির্বাচনী থানায় তথ্য সংগ্রহ করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসি সচিব জানান, ৩ জুলাই-২৩ জুলাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। পরবর্তীতে ছবি তোলা ও নিবন্ধনের তথ্য জানানো হবে।

প্রথমধাপে সুত্রাপুর, কোতোয়ালী ও ডেমরা থানার তথ্য সংগ্রহ করা হয়েছে।

আগেও হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছিলেন, ভোটার তালিকায় তাদের নিবন্ধনের জন্য তাদের তথ্য সংগ্রহ করা হবে।

পুরনো খবর:

রাজধানীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু বুধবার