রাজধানীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু বুধবার
সারাদেশে পর্যায়ক্রমে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে।
সোমবার নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক বলেন, ৩ থেকে ২৩ জুলাই পর্যন্ত ঢাকা মহানগরীর নাগরিকদের সংগ্রহের কাজ চলবে।
“তথ্য সংগ্রহের সময় কোথায়, কখন ছবি তোলা ও চোখের আইরিশের ছাপসহ নিবন্ধনের জন্য উপস্থিত থাকতে হবে তা তথ্য সংগ্রহকারীরা নাগরিকদের জানিয়ে দেবেন।”
এবারের কার্যক্রমে যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)।
২৩ এপ্রিল থেকে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে নাগরিকদের আঙুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলবে।
প্রথমধাপে ৬৪ জেলার ১৩৫ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়, বর্তমানে দ্বিতীয় ধাপে তথ্য সংগ্রহ চলছে।
হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে ও ভোটার স্থানান্তরের আবেদন নেওয়া হবে।
ইসি কর্মকর্তারা জানান, যাদের জন্ম ২০০১ সালের পয়লা জানুয়ারি বা তার আগে তাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০২০ সালের জানুয়ারিতে।
বাকিদের তথ্য নিয়ে রেখে পরবর্তীতে বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে (২ জানুয়ারি ২০২১ ও ২ জানুয়ারি ২০২২ সালে) ভোটার তালিকায় যুক্ত করা হবে।
বর্তমানে দেশের ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন ভোটারের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ আর ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী। অর্থাৎ, ভোটার তালিকায় পুরুষ ও নারীর অনুপাত- ৫০.৪২: ৪৯.৫৮।
