২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান হামলা: ‘বাংলাদেশি পরিচয়ে’ বেঁচে যান ভারতীয় নাগরিক

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক ডা. সত্যপ্রকাশ বলেছেন, জঙ্গিদের প্রশ্নে নিজেকে বাংলাদেশি পরিচয় দেওয়ায় রক্ষা পেয়েছিলেন তিনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2019, 11:34 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মঙ্গলবার এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে গিয়ে তিন বছর আগের ১ জুলাই রাতের সেই দুঃসহ ঘটনা তুলে ধরেন তিনি।

২০০২ সাল থেকে বাংলাদেশে বাস করছেন পেশায় চিকিৎসক সত্যপ্রকাশ। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে কূটনীতিকপাড়া গুলশান-২ নম্বর সেকশনে ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে ‘খেতে যান’ বলে জানান তিনি।

জবানবন্দিতে এই ভারতীয় বলেন, “সেখানে গিয়ে একটি টেবিলে বসি। এরপর সন্ত্রাসীরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। তারা গোলাগুলি শুরু করে। আমার পাশে বসে থাকা একজন গুলিবিদ্ধ হন।

“এরপর সন্ত্রাসীরা আমার টেবিলের পাশে এসে আমাকে জিজ্ঞাসা করে, আমি বাংলাদেশি কি না। আমি তাদের বলি, আমি বাংলাদেশি।”

একথা বলার পর জঙ্গিরা তাকে না মারার আশ্বাস দেয় জানিয়ে তিনি বলেন, “সন্ত্রাসীরা আমাকে বলে, আপনি ভয় পাবেন না। আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি টেবিলের নিচে মাথা নিচু করে বসে পড়ুন।

“সারা রাত আমি টেবিলের নিচে মাথা নিচু করে বসে থাকি। সারা রাত গোলাগুলি চলে। অনেক রক্তাক্ত লাশ দেখতে পাই।”

সত্যপ্রকাশ ছাড়াও রিকশাচালক মো. আসলাম হোসেন এদিন আদালতে সাক্ষ্য দেন। মূল বিচারক মো. মজিবুর রহমান ছুটিতে থাকায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল এই দুজনের সাক্ষ্য নেন।

তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৯ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।

এ নিয়ে এই মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ৬২ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।

সাক্ষ্যগ্রহণের সময় আসামি মামুনুর রশীদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিন শফিকুল ইসলাম ওরফে খালেদের পক্ষে তার আইনজীবী ফারুক আহমেদ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম চৌধুরী জামিনের বিরোধীতা করেন।

গোটা বাংলাদেশের জন্য বেদনাদায়ক এই ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জনকে জবাই ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত হন দুজন পুলিশ কর্মকর্তা।