২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক কর্মকর্তাদের ওপর নজরদারি বেড়েছে: চেয়ার‌ম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়ানোর কথা জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কারও বিরুদ্ধে দায়িত্ব পালনে ন্যূনতম ত্রুটি পাওয়া গেলে ক্ষমা করা হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2019, 07:26 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

ডিআইজি মিজানুর রহমানের ‘অবৈধ’ সম্পদের অনুসন্ধানে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে এই সতর্ক বার্তা দিলেন তিনি।

মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক থেকে উপরের পদের কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা করেন চেয়াম্যান।

কর্মকর্তাদের নৈতিক মানদণ্ড সর্বোচ্চ অবস্থানে রাখার নির্দেশ দিয়ে ইকবাল মাহমুদ বলেন, “দুদকের প্রতিটি কর্মকর্তার প্রতি কমিশনের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারি রয়েছে। কোনো রূপ অনৈতিক আচরণ করলে কাউকেই ক্ষমা করা হবে না।”

‘শেষবারের মতো’ সতর্ক করার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিভিন্ন কৌশলে আপনাদের সতর্ক করা হচ্ছে, তারপরও অনেক ক্ষেত্রেই আপনাদের অনেকের আচরণের ইতিবাচক পরিবর্তন হয়নি।

ঘুষের সত্যতা পেয়েছে দুদক, বাছিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

“দায়িত্ব পালনে ন্যূনতম ত্রুটি পেলে কাউকেই ক্ষমা করা হবে না। দুদক কর্মকর্তাদের নৈতিকতার মানদণ্ড হতে হবে সর্বোচ্চ। এক্ষেত্রে কমিশন আপস করবে না। এ মানদণ্ড নিশ্চিতকল্পে সকল প্রকার প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।”

এদিকে দুদকে থেমে থাকা দুর্নীতির সব অভিযোগের তদন্ত ও অনুসন্ধান ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “কমিশন বিধিমালা, সর্বশেষ সংশোধনী (২০ জুন) অনুসারে দুদকের প্রতিটি অনুসন্ধান ও তদন্ত আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারও গাফিলতি কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য কমিশন ন্যূনতম সহ্য করবে না।”