উত্তর-পূর্বে মৌসুমী বন্যার আভাস
ভারতের আসাম-মেঘালয়ে এবং বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের প্রায় সব নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার বিকালে সিলেট অঞ্চলের ছয়টি নদীর পানি সাতটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের কিছু অংশে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাতে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আর সুরমা-কুশিয়ারা পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে আগামী ২৪ ঘণ্টা।
“এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিচু এলাকায় আগামী ২৪ ঘণ্টা স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে।”
উদয় রায়হান বলেন, “এটা মৌসুমী বন্যা। উজানের ভারি বর্ষণ ও দেশে বৃষ্টি অব্যাহত থাকায় এর সামান্য বিস্তৃতি বাড়বে। এ মৌসুমে হাওরাঞ্চলে এ ধরনের বন্যা পরিস্থিতি স্বাভাবিক। শনিবারের পরে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হবে আশা করি।”
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ুর একটি বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে ।
তবে আগামী মঙ্গলবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তাতে দেশের উত্তরাংশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল ৩টায় ঝালুখালী নদীর পানি মুসলিমপুর পর্যবেক্ষণ স্টেশনে বিপদসীমার ১৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সুরমার পানি সুনামগঞ্জ স্টেশনে বিপদসীমার ৮২ সেন্টিমিটার এবং কনাইঘাট স্টেশনে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপরে ছিল।
সারিগোয়াইনের পানি সারিঘাট স্টেশনে বিপদসীমার ৫০ সেন্টিমিটার, জাদুকাটা নদীর পানি লরেরগড় স্টেশনে ৪৬ সেন্টিমিটার, পুরাতন সুরমার পানি দিরাই স্টেশনে বিপদসীমার ১৪ সেন্টিমিটার এবং সোমেশ্বরী কলমাকান্দায় বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপরে ছিল ওই সময়।
দেশের যে ৯৪টি নদীর পানি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পর্যবেক্ষণ করে, তার মধ্যে ৫৩টি নদীর পানি ওই সময় বাড়ছিল।
এদিকে বর্ষায় হাওর অঞ্চলের পানি বাড়তে শুরু করায় সুনামগঞ্জ শহরের তৈরি হয়েছে জলাবদ্ধতা।
কয়েকটি এলাকায় সুরমা নদীর পাড় উপচে সুনামগঞ্জের শহরের ষোলঘর, কাজিরপয়েন্ট, আরপিননগর, বিলপার, নতুনপাড়া, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে।
উজানের ঢলে নেত্রকোণার কলমাকান্দায় বেড়িবাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে অর্ধশত কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানিয়েছেন।
