অহিংসার ঝর্ণাধারাকে শেষ বিদায়
মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শে ব্রতী হয়ে মানব ও সমাজসেবার যে দৃষ্টান্ত ঝর্ণাধারা চৌধুরী স্থাপন করে গেছেন, তা অনুসরণ করেই তাকে স্মরণের প্রত্যয় জানালেন তার শবযাত্রায় সামিল বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব ঝর্ণাধারা। সমাজ সেবার জন্য বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া ঝর্ণাধারা চৌধুরীর বয়স হয়েছিল ৮০ বছর।
শুক্রবার বেলা ১১টায় ঝর্ণাধারার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঝর্ণাধারা চৌধুরী শুধু মুখে মুখেই আদর্শ প্রচার করতেন না। তিনি বিশ্বাস করতেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অহিংসার চেয়ে বড় হাতিয়ার আর কিছু নেই।
“শান্তির লক্ষ্যে অহিংসা আর ত্যাগের আদর্শ তিনি আমাদের শিখিয়ে গেছেন। সমাজসেবায় তার অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ অনুসরণ করব।”
“ঝর্ণাদি অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক। তিনি সারা জীবন অন্যায়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। অহিংস আদর্শ থেকে জীবনে একচুল বিচ্যুত হননি। কেউ হয়তো জানেই না, চট্টগ্রামে প্রবর্তক সংঘ গড়ে তুলে একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি কত নারীর প্রাণ বাঁচিয়েছিলেন। তিনি যে নারী জাগরণেরও এক অনন্য প্রতীক ছিলেন।”
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী চান, স্কুলের পাঠ্য বইয়ে ঝর্ণাধারা চৌধুরীর জীবনী অন্তর্ভুক্ত করা হোক।
তিনি বলেন, “অহিংস আর ত্যাগের আদর্শে তিনি মৃত্যু পর্যন্ত অবিচল ছিলেন। পরবর্তী প্রজন্মের জানা উচিৎ, তিনি কীভাবে মানুষের সেবা করতেন। তার আদর্শকে জানা উচিৎ ওদের।”
অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, “মানবসেবায় আত্মনিয়োগ করতে গিয়ে ঝর্ণাদিকে কম ঝড়ঝাপটা সইতে হয়নি। সেই প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কখনও পিছপা হননি। মানবিক বাংলাদেশ গড়তে ঝর্ণাদি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।”
গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সভাপতি, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় বলেন, “আত্মত্যাগের নতুন ধারা রচনা করেছিলেন তিনি। সে ধারাকেও তিনি বাঁচিয়ে রেখেছিলেন। নতুন প্রজন্মকে ঝর্ণাদির সে ধারাকে অনুধাবন করতে হবে।”
কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন গান্ধী আশ্রমের নির্বাহী কর্মকর্তা রাহা নবকুমার। বললেন, “দিদি ছিলেন আমাদের সকলের আলোকবর্তিকা। দিদি আমাদের ছেড়ে চলে গেলেন।”
ঝর্ণাধারা চৌধুরীর মরদেহের পাশেই দাঁড়িয়ে ছিলেন কুমুদিনী ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। শ্রদ্ধা নিবেদনের পর্বে তাদের বারবার চোখ মুছতে দেখা যায়।
ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে। শ্রদ্ধা জানায় বাংলাদেশ ঐক্য ন্যাপ, নোয়াখালী পৌরসভা, মুক্তিযুদ্ধ জাদুঘর, গৌরব ৭১, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, সিপিডি, পেশাজীবী সমন্বয় পরিষদসহ বেশকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার থেকে ঝর্ণাধারার মরদেহ নিয়ে যাওয়া হয় নোয়াখালীর সোনাইমুড়ীতে, তার দীর্ঘদিনের কর্মস্থল গান্ধী আশ্রমে। সহকর্মী আর সর্বস্তরের মানুষ সেখানে তাকে শেষ বিদায় জানান।
মানুষের সেবায় জীবন উৎসর্গ করা ঝর্ণাধারা চৌধুরী মরণোত্তর দেহ দান করে গেছেন মানুষের কল্যাণের জন্যই। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান রাহা নবকুমার।
