২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কভিটা নিয়ে অসাধু ব্যবসায়ীদের অপপ্রচার: প্রতিমন্ত্রী স্বপন

মিল্কভিটার তরল দুধ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ‘অপপ্রচার চালাচ্ছে’ অভিযোগ করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মিল্কভিটার পাস্তুরিত দুধ ‘পরিপূর্ণ, উপযুক্ত এবং সুস্বাদু’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংসদ প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2019, 06:31 PM

Updated : 18 Aug 2022, 05:26 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনারা জানেন গত পরশু (মঙ্গলবার) দিন বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী তারা ঢাকা ইউনিভার্সিটির একটি টেস্ট রিপোর্ট দিয়ে বলছে, মিল্কভিটাতে আর্সেনিক আছে। মিল্কভিটা দুধের মধ্যে নাকি ফরমালিন আছে। এটি একটি সর্বৈব মিথ্যা কথা।”

প্রতিমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যে গতকাল (বুধবার) বিএসটিআই থেকে রিপোর্ট দেখেছি সেখানে কোনো ফরমালিনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে একটি টেস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে মিল্কভিটা দুধ হচ্ছে পরিপূর্ণ, উপযুক্ত এবং সুস্বাদু দুধ। এর বিপরীতে কোনো কিছুই পাওয়া যায়নি।

“আমরা এ বিষয়টি আপনার (স্পিকার) মাধ্যমে, এই সংসদের মাধ্যমে জনগণকে নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত যে সমস্ত আমদানিকৃত দুধ এই বাজারজাতকরণ করা হচ্ছে তার সব ক্ষেত্রে মিল্কভিটা অনেক ক্ষেত্রে ভালো। অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং পুষ্টিকর।”

বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি প্যাকেটজাত (পাস্তুরিত) দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

সেসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, ফলের জুস, মরিচ ও হলুদের গুঁড়া, পাম অয়েল, সরিষার তেল ও সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করে অধিকাংশকেই মানহীন পেয়েছেন তারা।

এসব খাদ্যপণ্য বায়োমেডিকেল রিচার্স সেন্টারসহ অনুষদের একাধিক ল্যাবরেটরিতে জাতীয় মান পরীক্ষণ সংস্থা বিএসটিআইয়ের মানদণ্ডে পরীক্ষা করে এই ফল পেয়েছেন ফার্মেসি অনুষদের শিক্ষকরা।

তাদের পরীক্ষায় পাওয়া ফলাফল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার থিয়েটারে এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন বায়োমেডিকেল রিচার্স সেন্টারের পরিচালক ও ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক।

পরীক্ষায় পাস্তুরিত দুধের সাতটি নমুনার সবগুলোতেই লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন এবং ছয়টি নমুনায় এজিথ্রোমাইসিনের উপস্থিতি পাওয়া গেছে।

এছাড়া পাস্তুরিত ও অপাস্তুরিত দুধের চারটি নমুনাতে ডিটারজেন্ট এবং অপাস্তুরিত দুধে একটি নমুনাতে ফরমালিন পাওয়া গেছে বলে জানান তিনি।

আমদানি করা গুড়া দুধ মানসন্মত নয় মন্তব্য করে প্রতিমন্ত্রী স্বপন বলেন, “আমাদের দেশে যে গুঁড়া দুধ আমদানি করা হয় তা পুষ্টিযুক্ত খাবার নয়। ডেনমার্ক ও ইউরোপের যে সমস্ত দুধ পরিত্যাক্ত। দুধের ফ্যাট সংগ্রহের পর যা ব্যবহার হয় না তা বাল্ক মাল হিসেবে মাত্র ৫ শতাংশ ট্যাক্স দিয়ে ইমপোর্ট করে প্যাকিং করে বিক্রি করে।

“এদেশের মানম্মত মিল্কভিটার দুধ যাতে বিক্রি না নয় তার একটি অপচেষ্টা চলেছিল। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এটা বুঝতে পেরে ওই ৫ শতাংশ ট্যাক্সের পরে আরো ৫ শতাংশ যোগ করেছেন। আমি মনে করি, এটি একটি সময়োপোযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে মিল্কভিটা, তার যে দুধের বিরুদ্ধে যে অপপ্রচার সেটি বন্ধ হবে।