হজ ফ্লাইট: ভাড়ায় দু’টি এয়ারবাস আনছে বিমান
এ বছর হজ ফ্লাইটের সূচি ঠিক রাখতে দুইটি এয়ারবাস ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, এয়ার এশিয়া এক্স কোম্পানি থেকে এ ৩৩০-৩৪৩ মডেলের দু’টি এয়ারবাস ৭৫ দিনের জন্য ভাড়া নেওয়া হচ্ছে।
এসব উড়োজাহাজে ৩৭৫টি করে আসন রয়েছে বলে জানান তিনি।
তাহেলা খন্দকার বলেন, “আগামী ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই দুই এয়ারবাসে ফ্লাইট পরিচালনা করা হবে।”
এছাড়া এবার হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বলেও জানান তিনি।
হজের পর দেশের পথে ফিরতি ফ্লাইট ১৭ অগাস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
বিমান সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।
এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা ৩টি, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের।
এবার ঢাকাতেই ইমিগ্রেশন হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের। তবে এ কারণে ফ্লাইটের এক দিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। ফলে ওই সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেওয়া যাবে না।
এ কারণে হজ এজেন্ট ও যাত্রীদের তাদের ফ্লাইটের ২৪ ঘণ্টা আগেই যাত্রার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
জটিলতা এড়াতে এ বছর কোনো হজযাত্রী যাত্রা বাতিল করলে বা সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান।
