২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকটে না দমে এগিয়ে যেতেন সুফিয়া কামাল: সুলতানা কামাল

কবি সুফিয়া কামালের স্মরণ সভায় তার মেয়ে সুলতানা কামাল বলেছেন, সামাজিক নানা সংকট ও সমস্যায় কখনও দমে না গিয়ে বৈরিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিতেন তার মা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 01:47 AM

Updated : 10 Oct 2022, 09:12 PM

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে ‘সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠান’-এ কথন পর্বে সুফিয়া কামালের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন ছায়ানটের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুলতানা কামাল।

গত শতকে অবিভক্ত ভারতবর্ষে মফস্বলে জন্ম নেওয়া সুফিয়া কামালকে বড় হতে হয়েছে অনেক নিয়মের বেড়াজালে। শৃঙ্খলে বাধা জীবনে সুযোগ হয়নি বিদ্যালয়ে যাওয়ার, চার দেয়ালে থেকেই অক্ষরজ্ঞান নিয়েছেন, স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি।

মায়ের ব্যক্তি জীবনের নানা চ্যালেঞ্জ নিজেকে নানা সময়ে ‘আলোড়িত’ করেছে বলে উল্লেখ করেন সুলতানা কামাল।

তিনি বলেন, “এমন কাজ নাই যেটা তিনি করতে পারতেন না বা করতে চাইতেন না। সুফিয়া ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি জানতেন ভেতরে যদি সদিচ্ছা থাকে, ভেতরে যদি অনুপ্রেরণা থাকে, সে উদ্যম যদি নিজের মধ্যে ধরা যায়, তবে তাকে কেউ থামিয়ে রাখতে পারে না। সুফিয়াকে কেউ থামিয়ে রাখতে পারেননি। যারা তার সান্নিধ্যে এসেছেন, তারা নিশ্চয় অনুভব করেছেন তার ব্যক্তিত্ব।

“সুফিয়া কামাল আত্মশক্তির বলে সামনে এগিয়ে গেছেন। ব্যক্তি জীবনে নানা সংকটের মুখে পড়েছেন সে সংকট উত্তরিত হয়ে সামনে এগিয়ে গেছেন।”

Image
রাজধানীর ছায়ানট মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠানে সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা। ছবি: জয়ন্ত সাহা

রাজধানীর ছায়ানট মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠানে সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা। ছবি: জয়ন্ত সাহা

কবি, সাহিত্যিক হিসেবে নানা পরিচয়ের পাশাপাশি কবি সুফিয়া কামাল স্বাধীনতা-পূর্বকালে ১৯৬৯ সালে গড়ে তোলেন বাংলাদেশ মহিলা পরিষদ। এ সংগঠনের মাধ্যমে বাংলাদেশের নারীদের তিনি সে সময়ে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ‍যুক্ত করেছেন, সংগঠিত করেছেন।

সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে তোলেন সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, যা এখন বাংলাদেশের সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান।

সুলতানা কামাল বলেন, সাংস্কৃতিক, সামাজিক বা রাজনৈতিক জগৎ হোক, যে কোনো ক্ষেত্রে সুফিয়া কামাল সবাইকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছেন।

“কবি সুফিয়া কামাল কখনো একটি পরিচয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি বিশ্বাস করতেন, মানুষ জন্মেছে অপরিসীম ক্ষমতা নিয়ে, অপরিসীম সম্মান নিয়ে, অপরিসীম অধিকার নিয়ে। মানুষকে সে অধিকার অর্জন করে নিতে হয়। তিনি বিশ্বাস করতেন, মানুষকে কখনও বেধে রাখা যায় না।”

‘সহজ‘ মানুষ সুফিয়া কামালের সান্নিধ্যে এসে যে কেউ আত্মশক্তিতে বলীয়ান ‘হয়ে ফিরে যেতেন’ বলেও প্রশস্তি করেন সুলতানা কামাল।

তিনি বলেন, কথাসাহিত্যিক শওকত ওসমান সুফিয়া কামালকে ‘আকৈশোরচিত্রা সংঘমিত্রা’ উপাধি দিয়েছিলেন।

Image
রাজধানীর ছায়ানট মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠানে সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা। ছবি: জয়ন্ত সাহা

রাজধানীর ছায়ানট মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠানে সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা। ছবি: জয়ন্ত সাহা

“সুফিয়া কামাল আত্মশক্তিতে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন, যত বাধা আসুক, সে বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। আর নিজেকে সেটার জন্য তৈরি করতে হবে, যোগ্য করতে হবে। সংঘমিত্র হতে হবে, অর্থাৎ অবস্থান নিতে হবে। কাজ করতে হবে, সকলকে সংগঠিত হতে হবে।”

একাকিত্ব ও সিদ্ধান্তহীনতা এখন বাংলাদেশের মানুষের ‘সবচেয়ে বড় সংকট’ হিসেবে যখন দেখা দিয়েছে, তখন সবাইকে ‘সংঘমিত্র’ হওয়ার আহ্বান জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

তিনি বলেন, “আসুন, আত্মশক্তিকে চেনার চেষ্টা করি, আত্মসম্মান জাগ্রত করার চেষ্টা করি। দাবি করি, মানুষ হিসেবে মানুষের জন্য যা প্রাপ্য, নিজের জন্য চাই, সবার জন্য চাই। সেজন্য আমার হতে হবে সংঘমিত্র, সংঘম্ত্রিা।”

পরে সাংস্কৃতিক পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, ইফফাত বিনতে নাজির, চঞ্চল বড়াল, এ টি এম জাহাঙ্গীর, মাহমুদ আখতার, রেজাউল করিম, নাসিমা শাহীন ফ্যান্সি, ঝুমা খন্দকার, সনজীদা জোহরা বীথিকা, সুমন মজুমদার, লতিফুন জুলিও, সুমা রায়, বিজন চন্দ্র মিস্ত্রী।

একক গানের ফাঁকে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা।