২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে: শেখ হাসিনা

ফিনল্যান্ড থেকে ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2019, 02:36 AM

Updated : 18 Aug 2022, 05:22 PM

এক মাসের সিয়াম সাধনার পর বুধবার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন বাংলাদেশের মুসলিমরা।

প্রতি বছর ঈদে প্রধানমন্ত্রী গণভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও এবার ফিনল্যান্ডে থাকায় তা হচ্ছে না।

মঙ্গলবার ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রিয় দেশবাসী সব সময় দেশে থেকে আপনাদের সাথে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে যেতে হয়েছে। এবারে বিদেশে থাকতে হল। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।

“দেশবাসীর সাথে সব সময় একাত্মতা জানাই। দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, “আমাদের উন্নয়নের শুভ ফলটা দেশবাসী পেতে শুরু করেছে। বিশেষ করে এবার ঈদযাত্রায় যারা সড়ক পথে যাতায়াত করেছেন যানজটমুক্ত যাতায়াত করতে সক্ষম হয়েছেন। রেলপথ, নৌপথ, আকাশপথ প্রতিটি পথেই কিন্তু যোগাযোগের সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল।

“তাছাড়া ঈদের সময় সব কিছু যেন শান্তিপূর্ণ থাকে সেই ব্যবস্থা তো আমরা নিয়েছি। কারণ আমাদের সব সময় প্রচেষ্টায় থাকে আপনারা যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন এবং আপনাদের প্রতিটি উৎসব যেন আনন্দমুখর হয়। সুন্দরভাবে নিজের আপনজন পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পারেন।”

প্রবাসীদেরও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পরিবার-পরিজন ছাড়া বাইরে যারা বিদেশে আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি এখন প্রবাসে আছি। আমি জানি দূরে থাকাটা কত কষ্টকর। তারপরও প্রবাসে যারা থাকেন তাদের জন্য সকলের সাথে মিলে আমরা ঈদ করতে পারছি সেটাও একটা বড় কথা।

“এইটুকুই বলব, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয় তার পরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। সেই আনন্দটা সকলের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। সকলকে আমি এইটুকুই বলব আপনারা দোয়া করবেন যে, বাংলাদেশটাকে আমরা যেভাবে আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই গতিধারাটা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান পেয়েছে এই সম্মানটা যেন অব্যাহত থাকে।”