হামলাকারীদের শিগগিরই ধরে ফেলব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর গুলিস্তানে পুলিশের উপর এবং মালিবাগে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের ‘শিগগিরই’ আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার তেজগাঁও বিজ্ঞান কলেজে বেসরকারি প্রতিষ্ঠান শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “ছোট ছোট যে দুটি ঘটনা ঘটেছে তার সবটাই তদন্তের মধ্যে চলে আসছে। যারা এগুলো করেছে, তাদের খুব শিগগিরই শনাক্ত করে ধরে ফেলব।”
গত ২৯ এপ্রিল গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল এবং কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হন। এরপর ২৭ মে ঢাকার মালিবাগ মোড়ে এসবির গাড়িতে বোমা হামলায় আহত হন এক পুলিশ সদস্যসহ দুজন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই দুই ঘটনাতেই তাদের অনুসারীদের জড়িত থাকার দাবি করলেও বাংলাদেশের পুলিশ আইএসের সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করে আসছে।
মন্ত্রী বলেন, “আমরা কখনই বলি নাই যে এদের মূল উৎপাটন করে শেষ করে দিয়েছি। এরা দেশীয়। আন্তর্জাতিক চক্র সবসময় ষড়যন্ত্রের জন্য কিছু করছে। এরা সবসময় তৎপর হওয়ার জন্য সচেষ্ট হয় কিন্তু আমরা তাদের সক্ষমতা অনেকখানি নষ্ট করে দিয়েছি।”
সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে কামাল বলেন, “আমরা মনে করি তারা কোনো জায়গায় বড় ধরনের আক্রমণ পরিচালনা করতে পারবে না। তারপরেও আমাদের গোয়েন্দারা সজাগ রয়েছে ।”
এ দেশের জনগণ সহিংসতা চায় না মন্তব্য করে মন্ত্রী বলেন, “এদেশের জনগণ একে অপরের পাশে দাঁড়ায়। যেহেতু তাদের (জঙ্গি) আশ্রয়-প্রশ্রয় দেয় না সেহেতু কোনো অঘটন ঘটবে না বলে আমি বিশ্বাস করি।”
হামলার শঙ্কা না করলেও ঈদের জামাতগুলো ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, “বড় বড় জামাতগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক জায়গায় সিসি ক্যামেরা যুক্ত করা হয়েছে।”
শিয়া, আহমেদিয়া, কাদিয়ানিদের জন্যও একই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ইসলামকে যারা কালিমা লাগাতে চায় তাদের প্রতিহত করতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
