ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ: মেয়র খোকন
জাতীয় ঈদগাহে জামাআতে ঈদের নামাজ পরার সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
রোববার জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শনে তিনি বলেন, “এবারের ঈদে কম বেশি লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এতে ৫ হাজার মহিলার নামাজ আদায়ের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে।"
খোকন বলেন, “ঈদ জামাতে এক লাখ মুসলি যাতে নামাজ আদায় করতে পারে সে প্রস্তুতি শেষ করা হয়েছে। এতে ৫ হাজার মহিলা নামাজ আদায় করতে পারেন। এক সঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষের অজুর ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। স্থান সংকুলানের কারণে সামনের রাস্তায় নামাজ আদায় করতে হলে রাস্তুায় চাদর বিছানোর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রয়োজনীয় মাইক, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।”
নিরাপত্তা তল্লাশির কারণে কেউ যাতে ঈদগাহের বাহিরে না থেকে সে জন্য প্রবেশ পথের মুখ বাড়ানোসহ দ্রুত নিরাপত্তা তল্লাশি শেষ করার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান মেয়র।
তিনি বলেন, “মুসল্লিদেরকে বিনামূল্যে নিরাপদ পানির বোতলের ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। ঈদগাহের নিরাপত্তার দায়িত্বভার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।"
