স্বস্তিতে শুরু ঈদযাত্রা
কোনো মহাসড়কে নেই যানজট, ঢাকার কাউন্টারগুলো থেকে সময়মতো ছাড়ছে বাস, তাৎক্ষণিক টিকেটও মিলছে-ঈদযাত্রার শুরুতে স্বস্তির কথাই জানালেন ঘরমুখো মানুষ।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা। ঈদ সামনে রেখে দ্বিতীয় মেঘনা ও মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ায় এতদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন তারা।
তাদের পাশাপাশি ঢাকা থেকে সিলেটের যাত্রীদেরও বড় ভোগান্তির অবসান ঘটেছে কাঁচপুরে দ্বিতীয় শীতলক্ষ্য সেতু চালু হওয়ায়। কাঁচপুর পার হতে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত এখন সেখানে কয়েক মিনিটের এই পথ পেরিয়ে যেতে পারছেন তারা।
ঈদের লম্বা ছুটি শুরুর আগে অফিস খোলা মাত্র একদিন, সোমবার। অনেক বেসরকারি প্রতিষ্ঠান ওই দিনকেও ছুটির আওতায় এনে কর্মীদের ঈদে বাড়ি যাওয়ার ছাড়পত্র দিয়েছে। তাই শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা।
গত কয়েক বছরে ঈদের সময় মেঘনা সেতুতে দীর্ঘ যানজট হলেও এবার তা থেকে মিলেছে মুক্তি
সকালে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল ও শ্যামলী এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ঈদযাত্রীদের বাস ধরার তোড়জোড়। তবে কোনো কাউন্টারেই যাত্রীদের অতিরিক্ত চাপ নেই। যারা আগাম টিকেট কেটেছেন এবং যারা সদ্য আসছেন তারাও যেতে পারছেন।
মহাসড়কের কোথাও যানজট না থাকায় বিভিন্ন গন্তব্যের বাসগুলোও ছেড়ে যায় নির্ধারিত সময়ে।
উত্তরবঙ্গের রুটের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বেশ চাপ দেখা যায়। নওগাঁ ও রংপুরগামী শাহ ফতেহ আলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারের কর্মী রাকিব জানান, তাদের শুক্রবারের সব টিকেট বিক্রি হয়ে গেছে।শনিবারের টিকেট বিক্রি করছেন তারা।
সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা কেমন হচ্ছে, সে বিষয়ে ধারণা নেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের
নির্ধারিত ভাড়াই ৪২০ টাকা। অন্য সময় কম ভাড়া নেওয়া হলেও এখন সঠিক ভাড়াটাই নেওয়া হচ্ছে।”
ঝিনাইদহগামী রয়েল পরিবহনের যাত্রী শফি জানান, সকালে এসেই তিনি তাৎক্ষণিক টিকেট কিনেছেন। তবে ভাড়া নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা বেশি নিয়েছে।
তাৎক্ষণিক টিকেটে বাড়তি ভাড়ার অভিযোগের পাশাপাশি অনলাইনে টিকেট কিনে কিছু টাকা গচ্ছা যাওয়ার কথা শুনিয়েছেন কেউ কেউ।
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুক্রবার গাবতলী বাস টার্মিনাল ঘরমুখো মানুষের ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি
অনলাইনে টিকেট কেটে তিনিও প্রায় দুইশ টাকা গচ্ছা দেওয়ার দাবি করলেন।
“নওগাঁ রুটের ভাড়া সাধারণত ৪৫০ টাকা, অনলাইনে কেটেছি ৬৩০ টাকায়, সাথে রয়েছে ৭৪ টাকা ভ্যাট,” বলেন নাহিদ।
সায়েদাবাদ থেকেও স্বস্তিতে বাড়ির পথ ধরেছেন চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের যাত্রীরা। নতুন চালু হওয়া তিনটি সেতু পাল্টে দিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিত্র। কাঁচপুরে দ্বিতীয় শীতলক্ষ্যা এবং দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু চালু হওয়ায় এবার দেশের ব্যস্ততম এই মহাসড়কে নেই কোনো যানজট। ফলে সায়েদাবাদেও নেই বাসের সংকট।যাত্রীতে বাস ভরে গেলেই টার্মিনাল থেকে বেরিয়ে যাচ্ছে বাস।
ঢাকা-সোনাপুর রুটে চলাচলকারী একুশে পরিবহনের ব্যবস্থাপক জহিরুল ইসলাম তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে এই পথের যাত্রা ছিল অনিশ্চয়তায় ভরা। এখন তিনটি সেতু হওয়ায় মহাসড়কের চিত্র পুরোই পাল্টে গেছে।
“এমনও সময় গেছে সোনাপুর থেকে ঢাকায় আসতে ১৮ ঘণ্টা লেগেছে। আর জ্যাম না থাকলে একটা গাড়ি আসতে ৫-৬ ঘণ্টা লাগত। এখন কুমিল্লা বিশ্বরোড পার হওয়ার পর সর্বোচ্চ পৌনে দুই ঘণ্টা লাগছে।”
একই কথা জানালেন মানিকনগরে এনা পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক সজীব।
দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুও স্বস্তি নিয়ে এসেছে চট্টগ্রামের যাত্রীদের জন্য
ঢাকার রামপুরার বাসিন্দা মুন্না ঈদ করতে গ্রামের বাড়ি চট্টগ্রাম যাচ্ছেন। তিনি বলেন, “খুব তাড়াতাড়ি চলে আসলাম। কোথাও যানজটে পড়িনি। ঈদের আগে আমাদের জার্নি সাধারণত এত নির্ঝঞ্চাট হয় না।
“কোথাও না কোথাও যানজটে আটকে থাকতেই হয়। বিশেষ করে মেঘনা আর দাউদকান্দি ব্রিজের কাছে সব সময়ই জ্যাম লাগত। নতুন ব্রিজ চালু হওয়ায় অবস্থা পাল্টে গেছে।”
কুমিল্লা থেকে ছেড়ে বেলা সাড়ে ৪টায় ফেনীর মহিপাল পৌঁছায় বাসটি।
মেঘনা সেতুর টোল প্লাজায় লেগে থাকত যানবাহনের দীর্ঘ সারি, দ্বিতীয় মেঘনা সেতু চালুর পর টোল প্লাজায় আর কাউকে দাঁড়াতে হয় না।
এই বাসে সহযাত্রী মোহাম্মদ জিয়াউর রহমানের বাড়ি ফেনীর ফরহাদ নগরে। ব্যবসা করেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন তিনি।
জিয়াউর বলেন, “বাড়ি গিয়ে আবার সময়মতো ফিরতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু এখন প্রতি সপ্তাহে বাড়ি যাই।
“আগে কাঁচপুর ব্রিজ পার হতেই এক ঘণ্টা লেগে যেত। আজ তো তিন মিনিটেই পারে হয়ে গেলাম। আগের সঙ্গে এখনকার আকাশ পাতাল পার্থক্য।”
ফেনী পৌঁছে কথা হয় স্টার লাইন পরিবহনের চালক সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, অনলাইনে টোল দেওয়ার সুবিধা থাকায় সময় অনেক সাশ্রয় হয়েছে। এটাও যানজট কমিয়েছে।
“আগে তো টোল দেওয়ার লাগি লাইন পড়ি যাইত। অহন আমরা তো গাড়ি নিয়া টোল প্লাজার সামনে খাড়াই না। সোজা চইলা যাই। ট্রাকের লগে পাড়াপাড়ি করা লাগে না।”
এবার ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের এসপি মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “এতদিন যানজট ছিল মেঘনা সেতুকেন্দ্রিক। ব্রিজগুলো ওপেন হওয়ার পর আমাদের এই অংশে জ্যাম হচ্ছে না। হওয়ার সম্ভাবনাও নেই। সবগুলো বাজার এবং মোড়ে আমাদের লোক নিয়োগ করা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করতে পারব আশা করি।”
শুক্রবার যানজট ছিল না ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও। অনেকটাই স্বভাবিক গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকালের দিকে মহাসড়কে গাড়ির চাপ থাকলেও তা যানজটে রূপ নেয়নি।
গাজীপুরে মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট হয়নি
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দোলোয়ার হোসেন জানান, তার থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুর থেকে বিকাল পর্যন্ত গাড়ির সংখ্যা কিছুটা বেশি থাকলেও কোথাও কোন যানজট হয়নি। গাড়ি অনেকটা স্বাভাবিক গতিতেই চলেছে।
গাজীপুর মাহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. নজরুল ইসলাম জানান, সকালে মহানগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিমেন্টবাহী একটি গাড়িসহ দুটি গাড়ি বিকল হয়ে পড়ায় যান চলাচল বিঘ্নিত হয়। এতে ওই মহাসড়কে সাময়িকভাবে গাড়ির চাপ বেড়ে যায়। পরে তা সরিয়ে নিলে দুপুর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে যায়। সন্ধ্যা নাগাদ কোথাও যানজট হয়নি।
মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, এতদিন যেসব কারণে মহাসড়কে যানজট হত সেসব সমস্যার সমাধান করেছেন বলেই যানজট হচ্ছে না।
তিনি বলেন, মহাসড়কে অবৈধ দোকান ও স্থাপনা সারিয়ে দেওয়া হয়েছে, আনফিট গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, যানজট প্রবণ এলাকায় গাড়ি পার্কিং কিংবা স্ট্যান্ড থেকে দূরে যাত্রী-উঠা-নামানোর ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া মহাসড়কে মালবাহী গাড়ি লোড-আনলোড করতে না দেওয়া এবং মহাসড়কে ট্রাক স্ট্যান্ড সরিয়ে দেওয়ায় উপকার হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
টাঙ্গাইলে মহাসড়কেও যান চলাচল ছিল স্বাভাবিক
মহাসড়কে যাতে যানজট না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।
এ মহাসড়কটি ব্যবহার করে ঢাকা থেকে উত্তবঙ্গের ১৯টিসহ মোট ২৩টি জেলার বাসিন্দাদের চলাচল। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ ঘিরে তা কয়েকগুণ বেড়ে যায়।
