২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রার চাপ নেই সদরঘাটে

ঈদুল ফিতর সামনে রেখে সড়ক ও রেল পথে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যমুখী মানুষের চাপ থাকলেও নৌপথে তেমন ভিড় নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2019, 08:32 PM

Updated : 10 Oct 2022, 09:09 PM

ঈদের এক সপ্তাহেরও কম বাকি থাকতে শুক্রবার রাজধানীর প্রধান নৌবন্দর সদরঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

যাত্রীর চাপ না থাকলেও লঞ্চযোগে যাত্রীদের দক্ষিণাঞ্চলের যাওয়ার পুরো প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সদরঘাট থেকে ৯৬টি লঞ্চ ছেড়ে যায়। শুক্রবার দুপুর পর্যন্ত ছেড়ে যায় ২৫টি। “সকালে কিছু যাত্রী ছিল। দুপুরে পন্টুন প্রায় ফাঁকা ছিল। বিকালে কিছু যাত্রী নামতে পারে।”

সদরঘাট থেকে দেশের ৪৩ টি নৌ-রুট রয়েছে আর যাত্রীবাহী লঞ্চ রয়েছে দুই শতাধিক। সংশ্লিষ্টরা বলছেন, ২ ও ৩ জুন যাত্রীর চাপ বাড়বে।

এমভি অভিযান লঞ্চের মালিক হামজালাল বলেন, বৃহস্পতিবার সাধারণ সময়ের চেয়েও কম যাত্রী ছিল।

সদরঘাট দিয়ে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানিয়েছেন।

তিনি বলেন, ২৮২ জন মহানগর পুলিশ সদস্য পালা বদল করে ২৪ ঘণ্টা ডিউটি দিবেন। ৪০টির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

“৩০ মে থেকে ১২ জুন পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মহানগর পুলিশ ছাড়াও, নৌপুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সঙ্গে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবে।”