দুদক আরও অনেক কাজ করতে পারে: বিদায়ী মহাপরিচালক মঈদুল
দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন যে কাজ করছে তার চেয়ে অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন কমিশনের বিদায়ী মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) মো. মঈদুল ইসলাম।
বৃহস্পতিবার দুদক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এই অভিমত দেন মঈদুল, যিনি আগের দিন চাকরি থেকে অবসরে গেছেন।
সাত বছর দুদকে কাজ করা এই মঈদুল ইসলাম বলেন, দুদক আইনে সংস্থাটির ‘বিরল’ স্বাধীনতা রয়েছে।
“দুদক অনেক শক্তি ধারণ করে। যা কাজ করছে তার চেয়ে আরো অনেক কাজ করার জায়গা আছে। জনবল ও গুণগত দিক থেকে উন্নত করা গেলে দুদকের কাজের মান আরও বাড়বে।”
দুর্নীতি দমন কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমনে সংস্থাটির ভেতরের দুর্নীতি দমন কমিটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন ২০১৫ সাল থেকে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা এই দুদক কর্মকর্তা।
দুদকের ভেতরে দুর্নীতি প্রতিরোধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখানেরই শুধু না, যেখানেরই হোক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকতেই পারে, অভিযোগ আসে।
”দুর্নীতি দমন কমিশন আইনের ভেতরেই একটি অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি আছে, যেটি চেয়ারম্যানের নেতৃত্বে কাজ করে। আমি কমিশনকে বলেছি, এই কমিটিকে যদি আরও একটু অ্যাক্টিভ করা যায় তাহলে এই যে অভিযোগগুলো.. যারা বলছেন কর্মকর্তারা একটা কাজের মধ্যে দিয়ে দুর্নীতি করেন…
“এতে কমিটি যদি অভ্যন্তরীণ দুর্নীতি দমনে কাজটা করেন সেই ক্ষেত্রে এই অবস্থার উন্নতি করা যায়, শাস্তির ব্যবস্থা করা যায়।”
মঈদুল ইসলাম বলেন, “দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে বাইরের শক্তি বরং অনেক বেশি আছে। যতটা আপনারা অনুকূল মনে করছেন তত অনুকূল বলা যাবে না।”
রাষ্ট্রীয় কোনো একটি প্রতিষ্ঠানকে ধরে তা দুর্নীতিমুক্ত করা সম্ভব কি না সে প্রশ্নে অবসরে যাওয়া দুদকের এ কর্মকর্তা বলেন বলেন, “তা বাস্তবে সম্ভব না। কারণ ওই প্রতিষ্ঠানটি আরও অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তভাবে কাজ করে।
“একটি প্রতিষ্ঠানকে ধরে কাজ করলে তেমন সফলতা আসবে না, বরং পূর্ণাঙ্গ দেশ নিয়ে ভাবতে হবে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুর্নীতির যে সব অভিযোগে সাকসেস আসবে না, সেসব অভিযোগ বাছাই প্রক্রিয়াতে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি।”
২০১৫ সালে মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগেও ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দুদকের পরিচালকের দায়িত্বও পালন করেছেন মঈদুল ইসলাম।
