২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বাস টার্মিনালে পুলিশের ‘হলুদ রেখা’

এবার ঈদে ঢাকার বাস টার্মিনালগুলোতে শৃঙ্খলা রক্ষায় নতুন একটি ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 06:43 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

এই ব্যবস্থায় টার্মিনালের সীমানায় একটি হলুদ রেখা টেনে দেবে পুলিশ; ওই রেখা অতিক্রমের পর কোনো বাস আর দাঁড়িয়ে থাকতে পারবে না।

এর মধ্য দিয়ে টার্মিনালের প্রবেশমুখে জট এড়িয়ে বাসযাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করা যাবে বলে আশা করছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি নতুন ব্যবস্থার কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় বাস টার্মিনালে যাত্রীদের বাড়তি চাপ থাকে। বাসগুলো নির্বিঘ্নে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে টার্মিনালের মুখগুলো ফাঁকা রাখতে হবে।

“যাত্রী উঠা-নামা হবে টার্মিনালের ভেতরে। কোনো অবস্থাতেই রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করা যাবে না। আমরা টার্মিনালের সীমানা হলুদ রেখা দিয়ে নির্ধারন করে দিয়েছি। টার্মিনাল থেকে বাসে যাত্রী উঠিয়ে হলুদ রেখা অতিক্রম করলেই আর সেই গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। চলে যেতে হবে গন্তব্যে।”

বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আছাদুজ্জামান মিয়া।

কেউ এসব অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, পুলিশ-বাস মালিকদের অংশগ্রহণে একটি সমন্বিত কমিটি করে দেওয়া হয়েছে। বাস ছাড়ার আগেই ওই কমিটির সদস্যরা চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করবেন।

“সকলের প্রচেষ্টায় সড়ক দূর্ঘটনা অনেক কমিয়ে আনা হয়েছে, এবার ঈদযাত্রায় দুর্ঘটনাকে আমরা শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই।”

বাস মালিক সমিতির নেতাদের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “মাদকাসক্ত কাউকে ড্রাইভিং সিটে বসাবেন না। মাদকাসক্ত বলে কাউকে সন্দেহ হলে তাকে ডোপ টেস্ট করান। আমরা সহযোগিতা করব।”

অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে বাস মালিক সমিতি ও টার্মিনাল কর্তৃপক্ষকে টার্মিনাল এলাকার হকারদের তালিকা তৈরি করার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি বন্ধে পুলিশ সদস্যদের সজাগ থাকার নির্দেশনাও দেন তিনি।

আছাদুজ্জামান বলেন, রমজান ও ঈদে নগরজুড়ে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

“যার ফলে ২৩ রমজানেও নগরীতে উল্লেখযোগ্য ছিনতাই, ডাকাতি, অজ্ঞান পার্টির তৎপরতা নেই।”

ঈদের দীর্ঘ ছুটিতে ঢাকার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাকিটা আমরা সমন্বয় করে নিরাপত্তা দেব।”

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।