২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের উন্নয়নে জাপান সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2019, 01:00 PM

Updated : 08 Apr 2022, 04:12 PM

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তার দেশের পক্ষ থেকে এই আশ্বাস শোনান রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, “জাপানের রাষ্ট্রদূত বলেছেন, আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ সময়ে বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। 

“জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত,” বলেন এহসানুল করিম। 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।