২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর থেকে দুই বস্তা ইয়াবা তুলল কোস্টগার্ড

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় সেইন্ট মার্টিন দ্বীপের কাছে সাগর থেকে দুটি বস্তা ভর্তি এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন কোস্ট গার্ড সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2019, 06:35 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

শনিবার মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানের মুখে একটি ট্রলার থেকে ওই সব ইয়াবা পাচারকারীরা সাগরে ফেলে পালিয়ে যায় বলে বাহিনীর সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের একটি দল সেইন্ট মার্টিন দ্বীপের কাছে অভিযানে যা। তারা এই দ্বীপের অদূরে একটি ট্রলারকে থামার সংকেত দিলে ট্রলারটি না থেমে দুটি বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে বস্তা দুটি সাগর থেকে তুললে তাতে এক লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান হামিদুল ইসলাম।

এছাড়া কোস্ট গার্ডের আরেকটি অভিযানে সেইন্ট মার্টিন দ্বীপের ডেলপাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন ব্যাগ থেকে ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় বলে জানান তিনি।

জব্দ করা ইয়াবা ও গাঁজা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোস্ট গার্ডের এই কর্মকর্তা।