২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু সুরক্ষায় গুরুত্ব নিয়ে বাজেট প্রণয়নের সুপারিশ

শিশু সুরক্ষা ও উন্নয়নে স্বাস্থ্য ও শিক্ষাখানে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পৃথক শিশু অধিদপ্তর প্রতিষ্ঠাসহ বেশ কিছু সুপারিশ করেছে সেইভ দ্য চিলড্রেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2019, 01:15 AM

Updated : 18 Aug 2022, 05:17 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘শিশু সুরক্ষা ও উন্নয়নের কেমন বাজেট চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংস্থাটির চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের উপ-পরিচালক আশিক ইকবাল সুপারিশমালা তুলে ধরেন।

২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট সামনে রেখে এ সংবাদ সম্মেলনে আশিক বলেন, “আগামী বাজেট পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে গতবারের চেয়ে ১১ শতাংশ বৃদ্ধি পাবে।

“বাজেট বাড়লেও সব সময় শিশুদের বরাদ্দ বাড়াতে দেখা যায় না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় স্বাস্থ্য বিষয়ক অগ্রগতি ধরে রাখতে হলে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে এবং ২০২৫ সালের মধ্যে তা ১০ শতাংশে উন্নীত করতে হবে।”

বাজেটে শিশু স্বাস্থ্য খাতের অবকাঠামোর সম্প্রসারণ ও গুণগত উন্নয়নে বরাদ্দ রাখার সুপারিশ করে তিনি বলেন, “শিশু মৃত্যু রোধ, কম বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করা, অপুষ্টির শিকার অঞ্চলগুলোতে বেশি গুরুত্ব দিয়ে বিশেষ কর্মসূচি বরাদ্দ রাখতে হবে।”

একইভাবে আগামী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে আশিক ইকবাল বলেন,  “আগামী বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ১৩ শতাংশ রেখে তা পর্যায়ক্রমে ২০২৫ সালের মধ্যে ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী ২০ শতাংশে উন্নীত করতে হবে।”

বাজেটে শিশু সুরক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ বছর বাজেটে বরাদ্দ দিয়ে পৃথক শিশু অধিদপ্তর প্রতিষ্ঠান প্রক্রিয়ার প্রারম্ভিক কাজগুলো করা প্রয়োজন।

“দরিদ্র ও ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা প্রয়োজন; যাতে করে স্কুল থেকে ঝরে পড়া, অনিরাপদ স্থানাস্তর, শিশু শ্রমে যুক্ত, যৌনপল্লীতে ও পথে বসবাসকারী শিশুদের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়।”

অন্যদিকে যৌনপল্লীতে বসবাসকারী শিশুদের সুরক্ষার জন্য কর্মসূচি গ্রহণ, পিছিয়ে থাকা অঞ্চলগুলোকে বাজেটে বরাদ্দে প্রাধান্য দেওয়া, শিশু শ্রম নিরসন, শিশু সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের জন্য বাজেটে যথাযথ বরাদ্দ রাখতে সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে।

আশিক ইকবাল বলেন, “শিশু সুরক্ষা ও উন্নয়নে বাজেটে কেবল বরাদ্দ দিলেই হবে না, এই বরাদ্দ কীভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে মনিটরিং করতে হবে।

“শিশুদের জন্য বরাদ্দে বিষয়টি সরকারকে জনসম্মুখে তুলে ধরে সেখান থেকে পরবর্তিতে কী পরিমাণ ব্যয় হয় তাও জনগণকে জানাতে হবে।”

সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের পরিচালক আবদুল্লা আল মামুন, জ্যেষ্ঠ ব্যবস্থাপক খালেদা আকতার, সিভিল সোসাইটি অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি রাশেদা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।