শনির আখড়ায় বাসের ধাক্কায় দোকান কর্মচারী নিহত
রাজধানীর শনির আখড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিকাল সাড়ে ৫টার দিকে ছনটেক মহিলা মাদ্রাসার সামনে ঢাকা-চ্ট্টগ্রামের মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই সন্তোষ বালা জানিয়েছেন।
নিহত মামুন হোসেন (৪০) আলু বাজারে তার মামার রেক্সিনের দোকানে কাজ করতেন।
এসআই সন্তোষ বালা বলেন, নারায়ণগঞ্জগামী বিআরটিসি বাসটি একটি স্কুটিকে পেছন থেকে ধাক্কা দিলে মামুন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মামুন মারা গেছেন বলে ডাক্তার জানান।
বাসচালক সেলিমকে আটক করা হয়েছে।
