২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্নতায় সেরা ওয়ার্ড পাবে উত্তরের মেয়রের পুরস্কার

পরিচ্ছন্নতায় সেরা ওয়ার্ডকে মেয়র অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 08:49 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

এছাড়া সবচেয়ে ভালো নাগরিক সেবা প্রদানকারী ওয়ার্ডের জন্য ২০২০ সালে মুজিব বর্ষ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার ডিএনসিসি আয়োজিত ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় আতিকুল বলেন, “মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা প্রদানে উৎসাহ বাড়াতে এই পুরস্কার দেওয়া হবে।”

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই মন্তব্য করে মেয়র বলেন, ডিএনসিসির প্রতিটি অঞ্চল ও ওয়ার্ডে জনগণকে সম্পৃক্ত করে মতবিনিময়, অবহিতকরণ সভা ও প্রচার চালানো হবে।

“সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল গণমাধ্যমে সচেতনতা বাড়াতে ইতোমধ্যে প্রচার চালানো হচ্ছে। জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে প্রচারাভিযান শুরু করা হবে।”

প্রতিটি অঞ্চলে র‍্যালি, মশক কর্মীদের উদ্বুদ্ধকরণ, ইমামদের মাধ্যমে জনগণকে সচেতন করা, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন পাবলিক প্লেসেও প্রচার চালানো হবে বলে জানান তিনি।

সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মেয়রের একার পক্ষে রাজধানীকে মশামুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলে, “মেয়র গুরুত্বপূর্ণ পদ। কিন্তু সবার সহযোগিতা তার প্রয়োজন।… সিটি করপোরেশন ১০ ভাগ কাজ করবে, বাকি ৯০ ভাগ কাজ করতে হবে নগরবাসীকে। এজন্য নাগরিকদের সচেতন হতে হবে। নিজেদের আশপাশে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে যেন মশা বংশ বিস্তার করতে না পারে।”

মতবিনিময় সভায় ডিএনসিসির কাউন্সিলর, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের সাথে যুক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন সোসাইটির  প্রতিনিধিদের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সাংবাদিক ইশতিয়াক রেজা, প্যানেল মেয়র জামাল মোস্তফাসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।