২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি আস্তানা: বসিলায় নিহত দুজনকে চেনার উপায় নেই

ঢাকার মোহাম্মদপুর বসিলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের মধ্যে বিস্ফোরণে নিহত দুইজনের ছিন্নভিন্ন দেহ চেনার উপায় নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 08:30 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

পুরনো খবর:

বসিলার দুই ‘জঙ্গি’ বাসা ভাড়া নেয় ভ্যানচালক পরিচয়ে

তবে তারা দুই বছর আগে মিরপুর ও সীতাকুণ্ড অভিযানের সময় পালিয়ে যাওয়া দুই জঙ্গি কি না, তা খতিয়ে দেখার কথা বলেছেন একজন র‌্যাব কর্মকর্তা।  

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে রোববার রাত ৩টার দিকে মেট্রো হাউজিংয়ে ৮ নম্বর রোডের শেষ মাথায় ওই টিনশেড বাসাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।

অভিযান শুরুর পরপরই ওই বাসার ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়। পরে র‌্যাবের সঙ্গে গোলাগুলি হয় সেখানে। ভোর পৌনে ৫টার দিকে বড় একটি বিস্ফোরণে ওই বাসার টিনের চাল উড়ে যায়।

সকাল ৯টার পর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের সঙ্গে নিয়ে র‌্যাবের স্পেশাল ফোর্সের সদস্যরা ওই বাড়িতে ঢোকে। ওই সময়ও সেখান থেকে কয়েক দফা গুলির শব্দ পাওয়া যায়।

এরপর বেলা ১১টার দিকে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ওই বাড়িতে দুইজনের ছিন্নভিন্ন লাশ পাওয়ার কথা জানান।

তিনি বলেন, ‌র‌্যাব সদস্যরা অভিযানের আগে ডাকাডাকি করলেও জঙ্গিরা দরজা খোলেনি। এক পর্যায়ে বাসার ভেতর থেকে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। অন্যদিকে র‌্যাবের পক্ষ থেকেও অন্তত দেড়শ রাউন্ড গুলি ছোড়া হয়।

এদিকে বাড়ির মালিক ওয়াহাব, কেয়াটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী এবং পাশের মসজিদের ইমাম ইউসুফকে সকালেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন র‌্যাব কর্মকর্তারা। 

ওয়াহাব তাদের বলেন, সুজন ও সুমন নাম ব্যবহার করে দুই যুবক মাস দেড়েক আগে টিনশেড ওই বাসা ভাড়া নিয়েছিলেন। সে সময় তারা ভ্যানচালক হিসেবে পরিচয় দিয়েছিলেন। গত ১ এপ্রিল বাসায় উঠলেও তারা নিয়মিত থাকতেন না।

১২ ঘণ্টার বেশি সময় ওই বাড়ি ঘিরে রাখার পর বিকাল সোয়া ৪টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করে র‌্যাব। ঘটনাস্থল থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে বেরিয়ে আসেন সিআইডির ক্রাইম সিন শাখার সদস্যরা।

সিআইডির সহকারী পুলিশ সুপার খন্দকার তৌহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি দেহ পুড়ে গেছে, ছিন্নভিন্ন হয়ে গেছে। আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় শনাক্তের কোনো সুযোগ নেই।ডিএনএ পরীক্ষা বা অন্য কোনো সূত্র ধরে তাদের পরিচয় বের করতে হবে।”

র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী বলেন, সুজন ও সুমন নিহতদের প্রকৃত নাম কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি। বাড়ির মালিক ওয়াহাবও এর বেশি তথ্য দিতে পারেননি।

“তবে মিরপুরের বর্ধনবাড়ীর জঙ্গি আস্তানার এক জঙ্গির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকেও একজন পালিয়ে গিয়েছিল। বসিলায় নিহত দুজন তারা কি না সে বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।”

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মিরপুরের বর্ধনবাড়ী এলাকায় ‘কমল প্রভা’ নামের একটি বাড়িতে র‌্যাবের অভিযানের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হলে একই পরিবারের সাতজন নিহত হয়।

ওই বছর মার্চ মাসে সীতাকুণ্ডে কাছাকাছি দুটি জঙ্গি আস্তানায় অভিযানের সময় চারজন নিহত হয়, গ্রেপ্তার হয় নব্য জেএমবিতে জড়িত এক দম্পতি।

র‌্যাব মহাপরিচালক বেনজীর বলেছেন, বসিলায় নিহতরাও জঙ্গি বলে তাদের বিশ্বাস। তবে তারা কোন সংগঠনের সদস্য সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

অভিযান শেষে র‌্যাবের মিডিয়া উইং’এর পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, চার কক্ষের ওই বাসা বিস্ফোরণে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। সেখান থেকে দুটি পিস্তল এবং চারটি অব্যবহৃত আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পাওয়া গেছে। নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে আইইডিগুলো নিস্ক্রিয় করা হয়েছে।