২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসিলার দুই ‘জঙ্গি’ বাসা ভাড়া নেয় ভ্যানচালক পরিচয়ে

ঢাকার মোহাম্মদপুর বসিলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের মধ্যে বিস্ফোরণে নিহত দুই যুবক ভ্যানচালক পরিচয়ে টিনশেড ওই বাসা ভাড়া নিয়েছিলেন।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 03:58 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

বাড়ির মালিক ওয়াহাব র‌্যাবকে বলেছেন, ‘সুজন ও সুমন’ নাম ব্যবহার করে মাস দেড়েক আগে তারা ওই বাসা ভাড়া নেয়। বাসায় ওঠে এপ্রিলের ১ তারিখ। তবে তারা নিয়মিত ওই বাসায় থাকতেন না। 

র‌্যাব কর্মকর্তারা বলছেন, নিহত দুই যুবকের নাম ও তাদের পরিচয় নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে তাদের।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জঙ্গিদের অবস্থানের খবর পাওয়ার পর রোববার রাত ৩টার দিকে মেট্রো হাউজিংয়ে ৮ নম্বর রোডের শেষ মাথায় ওই টিনশেড বাসাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।

অভিযান শুরুর পরপরই ওই বাসার ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়। পরে র‌্যাবের সঙ্গে গোলাগুলি হয় সেখানে। ভোর পৌনে ৫টার দিকে বড় একটি বিস্ফোরণে ওই বাসার টিনের চাল উড়ে যায়।

সকাল ৯টার পর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের সঙ্গে নিয়ে র‌্যাবের স্পেশাল ফোর্সের সদস্যরা ওই বাড়িতে ঢোকে। ওই সময়ও সেখান থেকে কয়েক দফা গুলির শব্দ পাওয়া যায়। পরে ড্রোন উড়িয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

ওই বাড়ির মালিক ওয়াহাবের পাশাপাশি কেয়াটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী এবং পাশের মসজিদের ইমাম ইউসুফকে জিজ্ঞাসাবাদ করছেন র‌্যাব কর্মকর্তারা।

তারা জানান, চার কক্ষের ওই টিনশেড বাসার পাশে কিছুদিন আগে একটি মসজিদ গড়ে তোলা হয়। আটক ইউসুফ ওই মসজিদেরই ইমাম।

ওই বাড়ি ঘিরে অভিযানের পর র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বেলা ১১টার দিকে সাংবাদিকদের বলেন, র‌্যাব সদস্যরা অভিযানের আগে ডাকাডাকি করলেও জঙ্গিরা দরজা খোলেনি। এক পর্যায়ে বাসার ভেতর থেকে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। অন্যদিকে র‌্যাবের পক্ষ থেকেও অন্তত দেড়শ রাউন্ড গুলি ছোড়া হয়।

“ভেতরে যে মৃতদেহ আছে সেগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। সেগুলো চেনা যাচ্ছে না। কতজন সেখানে আছে সেটা বলা ফরেনসিক বিশেষজ্ঞদের কাজ। যেহেতু সেখানে মৃতদেহগুলো ছিন্নভিন্ন হয়ে আছে তাই সংখ্যা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে সেখানে যেহেতু তিনটি পা দেখা গেছে তাই ধারণা করা যাচ্ছে অন্তত দুইজন সেখানে ছিল।”

নিহতরা কোনো জঙ্গি দলের সদস্য বলে ধারণা করলেও তাদের পরিচয় বা তারা কোন সংগঠনের সদস্য সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বেনজীর।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, বিধ্বস্ত ওই বাড়ির ভেতরে অবিস্ফোরিত আইইডি থাকতে পারে। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে তল্লাশি করছে। তাদের কাজ শেষ হলে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।