চাকরির বয়সসীমা না বাড়ালে ঈদের পর সারাদেশ অবরোধের হুমকি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবি না মানা হলে রোজার ঈদের পর সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ।
সরকারি চাকরিতে যোগদানের বয়স ৩৫ করা যাবে না- জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা এ হুঁশিয়ারি দেয়।
হারুন অর রশিদ বলেন, “আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্য প্রত্যাহার ও চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার আহ্বান জানাচ্ছি।
হারুন অর রশিদ বলেন, প্রতিমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যে বর্তমান সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা সবদিক বিবেচনায় যৌক্তিক বলে মনে করেছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নেই, ২৩ বছর বয়সে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি পাচ্ছেন।
সংবিধান ও চাকরি বিধিমালা অনুযায়ী পূর্ণ পেনশন পাওয়ার জন্য ২৫ বছর চাকরি করতে হয়। কেউ যদি ৩৫ বছর বয়সে চাকরিতে যোগ দেয় তাহলে পঁচিশ বছর পূর্ণ করতে হলে তাকে ৬২ বা ৬৩ বছর বয়সে অবসরে যেতে হবে। কিন্তু বর্তমানে অবসরের বয়স ৫৯ বছর। তাই আইন অনুযায়ী প্রবেশের বয়স বাড়ানোর সুযোগ নেই।
তিনি বলেন, “প্রতিমন্ত্রীর এ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য আংশিক সত্যের অপলাপ এবং উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো ছাড়া আর কিছু নয়।”
তিনি বলেন, “সেশনজটসহ ৫ দফা দাবিতে গত ২৪ এপ্রিল নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। তাছাড়া ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত মাস্টার্স পরীক্ষায় সেশনজট ছিল গড়ে তিন বছর। কাজেই সেশনজট না থাকার বিষয়ে প্রতিমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন তা পুরোটাই সত্যের অপলাপ। সেশনজটের উল্লেখিত পরিসংখ্যান প্রতিমন্ত্রী না জেনে থাকলে সেটি তার অজ্ঞতা এবং আমাদের জন্য দুর্ভাগ্য।”
