২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক কোম্পানি অপপ্রচার করছে: প্রজ্ঞা

বাজেটকে প্রভাবিত করতে তামাক কোম্পানিগুলো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 12:32 AM

Updated : 18 Aug 2022, 05:13 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তামাকপণ্যে কর ও মূল্যবৃদ্ধি না করার জন্য বিভিন্ন গণমাধ্যমে তামাক কোম্পানিগুলো প্রচারণা চালাচ্ছে।

“করারোপের মাধ্যমে সিগারেটের দাম বাড়ালে চোরাচালান ও অবৈধ বাণিজ্য বাড়বে এবং সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাবে- তামাক কোম্পানির এ ধরনের প্রচারণা পুরোপুরি অসত্য।

“তামাক কোম্পানিগুলো তাদের এসব দাবির পক্ষে যুক্তি তুলে ধরতে বিভিন্ন গবেষণার তথ্য-উপাত্ত বিকৃতভাবে গণমাধ্যমে তুলে ধরছে এবং একইসাথে তামাকবিরোধী সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে।

“তামাক কোম্পানির এই মিথ্যা প্রচারণায় দেশের কিছু শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান বিভ্রান্ত হয়ে এই অযৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেছেন, যা অত্যন্ত হতাশাজনক বলে প্রজ্ঞা মনে করে।”

বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রজ্ঞা বলেছে, বাংলাদেশে সিগারেটের অবৈধ বাণিজ্য ২৭টি দেশের মধ্যে সবচেয়ে কম মাত্র ১.৮ শতাংশ। ভারতে যা ১৭ শতাংশ, পাকিস্তানে ৩৮ শতাংশ, মালয়েশিয়ায় ৩৬ শতাংশ এবং লাটভিয়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ।

“তামাকের ওপর কর বাড়ানোর সঙ্গে অবৈধ বাণিজ্য বাড়ার তেমন কোনো সম্পর্ক নেই। বিষয়টি প্রশাসনিক।”

প্রজ্ঞা বলছে, “যেহেতু সিগারেটের অবৈধ বাণিজ্য ও চোরাচালান দেশের দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনা ইঙ্গিত করে, সেহেতু তামাক কোম্পানির ফাঁদে পা দিয়ে এর স্বপক্ষে কোনো ধরনের বক্তব্য প্রদান কিংবা বিভ্রান্তিমূলক খবর প্রকাশ নীতিনির্ধারক ও জনমনে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।”

বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা জানিয়ে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতে সবচেয়ে কম দামি সিগারেটের মূল্য বাংলাদেশের কম দামি সিগারেটের চেয়ে দ্বিগুণেরও বেশি। ফলে বাংলাদেশে তামাকপণ্যের ব্যাপক চোরাচালান কিংবা ব্যাপকভিত্তিতে সিগারেটের অবৈধ বাণিজ্য হওয়ার সম্ভবনাও নেই।

“এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের উচিত হবে তামাক কোম্পানি দ্বারা প্রভাবিত না হয়ে আসন্ন বাজেটে কার্যকরভাবে করারোপের মাধ্যমে সকল তামাকপণ্যের দাম বৃদ্ধি করা।”