শ্রীলঙ্কায় আহত শেখ সেলিমের জামাতাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে
শ্রীলঙ্কায় বোমা হামলায় আহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় আড়াইশ’র বেশি নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।
সে সময় কলম্বোর একটি হোটেলের নিচতলার রেস্তোরাঁয় ছেলে জায়ান চৌধুরীকে নিয়ে সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স। সেখানে বিস্ফোরণে প্রাণ হারায় আট বছরের জায়ান, তার বাবা গুরুতর আহত হন।
শ্রীলঙ্কায় সন্ত্রাসের বলি বাংলাদেশি শিশু জায়ান চৌধুরী
তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য সবার কাছে দোয়া চেয়ে শেখ সেলিম বলেন, “প্রিন্সকে উপযুক্ত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আর ছেলে জায়ানের দাফনের দিনটিতেও তার পাশে থাকতে না পারা আমার মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া অনেক কষ্ট বুকে চেপে স্বামীর শয্যাপাশে অবস্থান করছে।”
জায়ানসহ শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেমী।
সন্ত্রাসের বলি হওয়া ছোট্ট নাতির কথা বলতে গিয়ে গল ধরে আসে শেখ সেলিমের: “জায়ান অত্যন্ত মেধাবী ও ধর্মপরায়ণ ছিল। বেঁচে থাকলে হয়ত সে দেশের নেতৃত্ব দিতে পারত, মানুষের কল্যাণ করতে পারত।”
“আর কোনো পরিবারকে যেন এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, আর যেন কোনো বাবা-মায়ের কোল এভাবে খালি না হয়, ধর্মের নামে কোনো হানাহানি-সংঘাত না হয় এবং বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল হয় সেটাই সবার কাম্য।”
শনিবার বিকালে বনানী মাঠে জায়ানের কুলখানি হয়
জায়ানের দাদা এম এইচ চৌধুরী, মামা শেখ ফজলে শামস পরশ, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম, চাচা ডিউক চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডা. এস এ মালেক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কাজী আকরাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান সিরাজ, আখতারুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অনেকে কুলখানিতে অংশ নেন।
