পহেলা বৈশাখে বর্ণিল ঢাকা বিশ্ববিদ্যালয়
গায়ে রঙিন পোশাক, মাথায় ফুলের মুকুট, খোপায় বেলীর মালা-কিশোরী, তরুণীদের এই সাজের সঙ্গে নতুন পাঞ্জাবিতে তরুণের দল।
লাল-সাদা পোশাকে প্রাণোচ্ছ্বল এসব নারী-পুরুষের পদচারণায় রোববার রঙ ছড়িয়েছে ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
চারুকলার বকুল তলা, কলাভবনের সামনের বটতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মঞ্চ করে হয় বর্ষবরণের নানা অনুষ্ঠান।
বিকেলে ক্যাম্পাসের টিএসসি, কলাভবন, অপরাজেয় বাংলা, চারুকলা ও কার্জন হল এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। গ্রামীণ খাদ্য-খাবার বিক্রিতে ব্যস্ত সময় কাটান দোকানিরা। টিএসসির সড়ক দ্বীপ বসে বিভিন্ন ধরনের চুড়ির দোকান।
কবি নজরুল কলেজের শিক্ষার্থী বংকিম দেবনাথ প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসেন চারুকলায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পহেলা বৈশাখের দিনটি আলাদাভাবে বাঙালির ঐতিহ্য ধারণ করে। প্রতি বছরেই বন্ধুরা মিলে দিনটি বিশেষভাবে উদযাপন করে থাকি। এদিন যেখানেই থাকি সকাল থেকেই বন্ধুদের সাথে নিয়ে ঘোরাঘুরি করি।”
বৈশাখের প্রথম সকালে পরিবারের সঙ্গে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় এসেছিল শিশুরাও। ছবি: আসিফ মাহমুদ অভি
বৈশাখী সাজে বাঙালির মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন বিদেশিরাও। ছবি: আসিফ মাহমুদ অভি
পহেলা বৈশাখ ঘিরে ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। ক্যাম্পাসের সড়কগুলোতে বসানো হয় সিসি ক্যামেরা। বিকেল ৫টার পর বহিরাগত সবাইকে ক্যাম্পাস ত্যাগ করার জন্য অনুরোধ করে প্রক্টরিয়াল টিম। ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি ছিল নিষিদ্ধ।
