২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬টি কোম্পানির মাধ্যমে বাস চালানোর সিদ্ধান্ত আত্মঘাতী: পবা

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকার সব বাসকে ছয়টি কোম্পানির অধীনে আনা ‘আত্মঘাতী’ হবে বলে মনে করছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 01:45 AM

Updated : 18 Aug 2022, 05:07 PM

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের পরিকল্পনা প্রকাশের প্রতিক্রিয়ায় বুধবার ঢাকার কলাবাগানে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিমত প্রকাশ করে তারা।

পবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে ৬টি কোম্পানির বাস চালানোর সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এতে বাস মালিকদের সিন্ডিকেট আরও শক্তিশালী দানবীয় আকার ধারণ করবে।

“কিছু কোম্পানি সরকারের ও হাই কোর্টের নিষেধাজ্ঞাকেও বৃদ্ধাঙ্গুলি দেখায়। কোম্পানির পরিমাণ কমিয়ে অল্প কয়েকটি করা হলে তারা আরও অপ্রতিরোধ্য হয়ে যাবে। তাদের স্বেচ্ছাচারিতার কাছে পুরো যাতায়াত ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাবে।”

সড়কে শৃঙ্খলা আনতে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে গঠিত সরকারি কমিটি যে ১১১টি সুপারিশ করেছে, তার বাস্তবায়ন নিয়েও সন্দিহান পবা।

পরিবহন খাতের নৈরাজ্য নিয়েও ক্ষোভ জানান পবার নেতারা।

তারা বলেন, বাস কোম্পানিগুলো যে পরিমাণ ও যে মানের বাস চালানোর শর্তে রুট পারমিট পায়, তার চেয়ে অনেক কম সংখ্যক ও নিম্নমানের বাস চালায় তারা।

গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে বেশ কটি সুপারিশও এসেছে পবার সভা থেকে।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি রুটে পিক ও অফ পিক সময়ে শর্ত অনুসারে পর্যাপ্ত পরিমাণে বড় বড় বাস চলাচল নিশ্চিত করা, বাস চালকদের মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ দেওয়া, মহানগরীসহ বিভিন্ন জেলায় ট্রাফিক প্ল্যানিং বিভাগ স্থাপন।

পবার সভাপতি আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পবার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পবার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ক্যাব নেতা মহিউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান মল্লিক।

পুরনো খবর:

‘মুজিব বর্ষে’ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার সিদ্ধান্ত
এপ্রিলেই ঢাকার তিন এলাকায় সার্কুলার বাস: খোকন